উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। ওই ঘটনায় অন্তত দেড়শো জন আহত হয়েছে, যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী। আহতদের মধ্যে দগ্ধ ৭০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার দুপুরে ঢাকার বার্ন ইন্সটিটিউটে আহতদের দেখতে যান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। এই সময় আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ অন্তর্বতী সরকারের ছয় জন উপদেষ্টা তার সাথে ছিলেন।
তিনি জানান, আহত শিক্ষার্থীদের বেশিরভাগই দগ্ধ অবস্থায় হাসপাতালে এসেছে। তাদের বার্ন ইন্সটিটিউট, কুর্মিটোলা হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল ও উত্তরার আধুনিক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে।
বিমান বিধ্বস্তের ঘটনায় আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস , সেনাবাহিনী, বিমান বাহিনী, বিজিবি ও পুলিশ। অগ্নিদগ্ধদের জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হচ্ছে।








