গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৭৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছে তিন জন ডাকাত, আট জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, দুই জন চাঁদাবাজ, ১০ জন চোর, ২৭ জন মাদক কারবারি, ৪৩ জন পরোয়ানাভূক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী।
অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত চারটি চাকু, দুটি চাপাতি, একটি দা, দুটি মোবাইল ফোন, একটি গাড়ি, একটি অটোরিকশা ও নগদ ১১ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে এক হাজার ৬১৩ পিস ইয়াবা, দুই পুরিয়া হেরোইন ও দুই কেজি ৯৯০ গ্রাম গাঁজা।
বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পালায় ডিএমপির ৬৬৭টি (রাতে ৩৪০টি ও দিনে ৩২৭টি) টহল টিম দায়িত্ব পালন করে।
টহল টিমগুলোর মধ্যে রয়েছে মোবাইল পেট্রোল টিম ৪৭৯টি, ফুট পেট্রোল টিম ৭৩টি ও হোন্ডা পেট্রোল টিম ১১৫টি। এছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপির ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়।
মুহাম্মদ তালেবুর রহমান বলেন, জননিরাপত্তা বিধান ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে মহানগরীতে চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৬৪টি মামলা রুজু করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা মহানগরবাসীর সার্বিক নিরাপত্তা ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে পুলিশ দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।








