নাসিরনগরে মন্দিরে হামলার মামলায় ১৩ আসামীর কারাদণ্ড

Bangladesh police and officials engaging with civilians at a public gathering, highlighting community policing efforts. Channel i News – চ্যানেল আই নিউজ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দিরে হামলা ও বাড়িঘর ভাংচুরের মামলায় ১৩ জন আসামীকে ৪ বছর করে সশ্রম কারাদণ্ড এবং দু’হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে দুই মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
আজ ১৬ মার্চ বৃহস্পতিবার দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ পারভেজের আদালত এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন, উপজেলার হরিপুর ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আাঁকি, মোখলেছ মিয়া, মোঃ মফিজুল হক, খসরু মিয়া, নাজির রহমান, মোঃ মাফুজ মিয়া, ইদন মিয়া, শেখ মোঃ আব্দুল আহাদ, সায়হাম রাব্বি শ্যাম, মীর কাসেম, আনিস মিয়া, তাবারক রেজা, সজীব চৌধুরী।
এদের মধ্যে ৫ জন পলাতক রয়েছেন। তারা হলেন, দেওয়ান আতিকুর রহমান আাঁকি, মোঃ মফিজুল হক, সায়হাম রাব্বি শ্যাম, আনিস মিয়া ও তবারক রেজা। তাদের সকলের বাড়ি নাসিরনগর উপজেলার বিভিন্ন গ্রামে।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৮ অক্টোবর হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের জেলে রসরাজ দাসের ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম অবমাননা করে পোস্ট দেয়ার অভিযোগ উঠে। পরে ২৯ অক্টোবর স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করে। এর প্রেক্ষিতে ৩০ অক্টোবর উত্তেজিতরা বিভিন্ন হিন্দু মন্দির ও বাড়িঘরে হামলা চালায়। এ ঘটনায় নাসিরনগর থানায় করা ৮টি মামলায় দুই হাজারেরও বেশি লোককে আসামী করা হয়।






