শতাধিক মানুষকে গুম-হত্যার অভিযোগ, জিয়াউল আহসানের মামলায় যুক্তিতর্ক শুরু

ছবি: সংগৃহীত।
শতাধিক মানুষকে গুম ও হত্যার অভিযোগে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ কার্যক্রম শুরু হয়।
শুনানির পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হচ্ছে। শুরুতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপন করছেন।
গত ৮ ফেব্রুয়ারি এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মামলার প্রথম সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। এরপর গত ১৯ নভেম্বর রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। ২২ নভেম্বর আসামিপক্ষের একজন সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলার এ পর্যায়ের কার্যক্রম শেষ হয়।
সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ায় মঙ্গলবার থেকে যুক্তিতর্ক শুরু হয়েছে। মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন। তিনি কারাগার থেকে ভার্চ্যুয়ালি আদালতের কার্যক্রমে অংশ নিচ্ছেন।





