জনপদ

বলেশ্বর নদীর তীরের খালে জালে আটকা ১২ ফুটের অজগর

বলেশ্বর নদীর তীরের খালে জালে আটকা ১২ ফুটের অজগর

বরগুনার পাথরঘাটায় খালের জালে পেঁচিয়ে আটকে পড়া ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে বন বিভাগের সহযোগিতায় সাপটিকে হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) সকাল ৭টার দিকে বলেশ্বর নদীসংলগ্ন টেংরা গ্রামের একটি খাল থেকে অজগরটি উদ্ধার করা হয়।

পাথরঘাটা উপকূল সুরক্ষা ফোরামের সদস্য টাইগার জাকির জানান, সকালে টেংরা গ্রামের ফার্মেসি ব্যবসায়ী ও পরিবেশকর্মী আব্দুর রহিম খালে জালে পেঁচানো অবস্থায় অজগরটি দেখতে পেয়ে তাকে খবর দেন। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে জাল থেকে অজগরটি উদ্ধার করেন তিনি।

বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ বলেন, টাইগার জাকির অজগরটি নিয়ে আসার পর তাৎক্ষণিকভাবে সেটিকে হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়েছে।

পাথরঘাটা উপকূল সুরক্ষা ফোরামের সমন্বয়কারী শফিকুল ইসলাম খোকন বলেন, টাইগার জাকির দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করছেন। এ পর্যন্ত তিনি প্রায় দুই হাজার অজগর উদ্ধার করেছেন।

প্রকৃতির ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে পরিবেশকর্মীরা বলছেন, লোকালয়ে কিংবা জালে আটকে পড়া বন্যপ্রাণী হত্যা না করে নিরাপদে উদ্ধারের মাধ্যমে তাদের প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া জরুরি।

বিষয়:অবমুক্ত উপকূল সুরক্ষা ফোরাম জালে আটকা ১২ ফুটের অজগর বলেশ্বর নদী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…