২৩৬ লিডেও আফগানদের ফলো-অন করাল না বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে, আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রথম ইনিংসে ২৩৬ রানের লিড পেয়েও আফগানিস্তানকে ফলো-অন করায়নি বাংলাদেশ। সফরকারীদের ১৪৬ রানে অলআউট করে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করছে লিটন দাসের দল।
বাংলাদেশ প্রথম ইনিংসে করেছে ৩৮২ রান। শেষ ৯ রানে ৫ উইকেট হারিয়ে চারশর আগেই থামে বাংলাদেশের লড়াই। জবাবে আফগানিস্তান গুটিয়ে গেছে দেড়শর আগেই। নাসির জামাল ৩৫, আফসার জাজাই ৩৬, করিম জানাত ২৩ ও আব্দুল মালিক করেন ১৭ রান। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।
মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের দুই সেশনের খানিকটা বেশি সময়ে পড়েছে ১৫ উইকেট। সকালে নাটকীয় ধসে ৯ রানের ব্যবধানে শেষের ৫ উইকেট হারায় বাংলাদেশ।
জবাবে ১৪৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। তাদের ইনিংস দীর্ঘ হয় ৩৯ ওভার পর্যন্ত। টাইগার পেসার ইবাদত হোসেন নেন চারটি উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। চোট কাটিয়ে ফেরা তাসকিন আহমেদ ছিলেন উইকেটহীন।






