২১০০ সাল নাগাদ বাংলাদেশে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়বে ৯০ সেন্টিমিটার

Bangladeshi officials and delegates attend a maritime conference, listening to a speaker with a presentation on a large screen. Channel i News – চ্যানেল আই নিউজ
উষ্ণায়ন ঠেকানো না গেলে ২১০০ সাল নাগাদ বাংলাদেশে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়বে ৯০ সেন্টিমিটার। গ্লাসগোর বিশ্ব জলবায়ু সম্মেলনে এমন আশঙ্কার কথা তুলে ধরেছে বাংলাদেশ। এমন বিপর্যয় এড়াতে কার্বন নিঃসরণ কমাতে ২০৪১ সালের মধ্যে ৪০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানী উৎপাদনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ।
জাতিসংঘ বিশ্ব জলবায়ু সম্মেলনের সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও এর প্রভাবে বাংলাদেশের ক্ষয়ক্ষতির বিষয়ে গবেষণা ফলাফল উপস্থাপন করেছে সেন্টার ফর ইনভারমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসের (সিইজিআইএস) নির্বাহী পরিচালক মালিক ফিদা এ. খান।
বৈশিক তাপমাত্রা কমাতে নবায়নযোগ্য জ্বালানী সহজলভ্য করার আহ্বান জানিয়েছেন, বিদ্যুৎ-জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু এ প্রসঙ্গে বলেন: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যেভাবে বাড়ছে, এখনই যদি সেটা আমরা নিয়ন্ত্রণে না করতে পারি- তাহলে ২১০০ সালের মধ্যে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা ক্ষতিগ্রস্থ দেশ হিসেবে যেমন কথা বলছি, অন্যান্য দেশগুলোও এটা নিয়ে কথা বলছে; সোচ্চার হচ্ছে। আমরা যদি উষ্ণ এ বৃদ্ধি রোধ না করতে পারি, তাহলে একটা বিশাল বিপর্যয় আমাদের জন্য অপেক্ষা করছে।
নানা ফোরামের আলোচনায় উষ্ণায়ন ঠেকাতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি তুলেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনসহ পরিবেশ সংরক্ষণে কাজ করা বাপা, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের মতো সংগঠনগুলো।






