দীর্ঘ ১০ দিন ক্ষুধার্ত থাকার পর খাবার এবং ওষুধ পেল থাইল্যান্ডের উত্তরাঞ্চলের থাম লুয়াং নাং নন গুহায় আটকে পড়া ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচ।
এক নতুন ভিডিও বার্তায় দেখা যায়, সেখানে আটকে থাকা কিশোর ফুটবালারদের উদ্ধারকর্মীরা তীব্র বাতাস এবং বৃষ্টি থেকে রক্ষার জন্য বিশেষ ধরনের ফয়েল কম্বল দিয়েছে। আটকে থাকা বাচ্চারা ভিডিও বার্তায় হাসিমুখে তাদের পরিচয় দিয়েছে এবং তাদের শারীরিক অবস্থা ভালো থাকার কথা জানিয়েছে।
বিবিসি জানিয়েছে, প্রচুর বৃষ্টির কারণে গুহার ভেতর পানি জমে বন্যা হওয়ায় গুহায় আটকে পড়েছিল দলটি। তবে আশঙ্কা করা হচ্ছে বন্যার মৌসুম শেষ হয়ে পানি নামার জন্য অপেক্ষা করতে হতে পারে কমপক্ষে এক মাস।
গত ২৩ জুন দুপুরে থাইল্যান্ডের উত্তরাঞ্চলে ফুটবল প্র্যাকটিস শেষে ১২ কিশোরের দলটিকে নিয়ে ঘুরে দেখার জন্য চিয়াং রাই শহরের ন্যাশনাল পার্ক লাগোয়া জঙ্গলাকীর্ণ পাহাড়ি এলাকার লুয়াং নাং নন গুহায় ঢুকেছিলেন তাদের ২৫ বছর বয়সী কোচ।
তারপর থেকে আর তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। দফায় দফায় উদ্ধার চেষ্টার পরও তাদের কোনো চিহ্ন না পেয়ে জীবিত উদ্ধারের আশা ক্রমেই ক্ষীণ হয়ে পড়ছিল। টানা ৯ দিন ধরে পাগলের মতো উদ্ধার অভিযান চালিয়ে অবশেষে তাদের খুঁজে পায় থাই নেভি সিলের বিশেষ প্রশিক্ষণ পাওয়া ডুবুরিরা।
সোমবার স্থানীয় সময় রাতে গুহার ভেতর ছোট একটি উঁচু জায়গায় ১৩ জনকে খুঁজে পায় উদ্ধারকারী দল। ওই জায়গাটাই শুধু শুকনো ছিল।







