হয়ে গেল তাসনুভা তিশার গায়ে হলুদ

তাসনুভা তিশা গায়ে হলুদ অনুষ্ঠানে পরিবারের সঙ্গে সুন্দর মুহূর্তে।. Channel i News – চ্যানেল আই নিউজ
চলতি মাসের মাঝামাঝি সময়ে হঠাৎ করেই নিজের বাগদানের খবর জানান ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। পাত্রের নাম সৈয়দ প্রিন্স আসকার, একটি এজেন্সিতে কর্মরত।
গত ১৫ জানুয়ারি বাগদান সম্পন্ন হলেও তারা বিয়ের পিঁড়িতে বসবেন আগামী ২ ফেব্রুয়ারি।
সোমবার রাজধানীর বাংলা মোটরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হলো তিশার গায়ে হলুদ। বেশ হাস্যোজ্জ্বল মুখে নাচতে নাচতে হলুদের মঞ্চে উঠতে দেখা গিয়েছে তিশাকে।
গায়ে হলুদের অনুষ্ঠানে তাদের দুই পরিবারের সদস্য ছাড়াও তিশার কাছের বন্ধু-বান্ধবরা উপস্থিত হয়েছেন। এছাড়াও উপস্থিত আছেন নাট্য নির্মাতা প্রীতি দত্ত, অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়াসহ আরও অনেকে।
তিশা জানান, ২০২০ সালের ডিসেম্বর মাসের আসকারের সঙ্গে তার পরিচয়, এরপর দুজন দুজনকে কাছ থেকে দেখা ও জানাশোনা। একটু একটু করে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠে। প্রেমের সম্পর্কে থাকার সময়েই দুজন দুজনের পরিবারকে বিষয়টি জানান এবং তারা সম্মতি দিলে তারা বিয়ের জন্য প্রস্তুত হন।
আগামী ২ ফেব্রুয়ারি ছোট্ট এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিশা-আসকারের আকদ (বিয়ে) হবে। এসময় শুধু দুই পরিবারের সদস্যরা এবং কাছের কিছু মানুষজন উপস্থিত থাকবেন বলে জানান তিশা। এরপর একই মাসে বড় আয়োজনে বিয়ের অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে বলে জানান এই অভিনেত্রী।






