ফুটবল

হ্যাজার্ড-লুকাকুদের বরণ করে নিলেন রাজা-রানী

হ্যাজার্ড-লুকাকুদের বরণ করে নিলেন রাজা-রানী

এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট ছিল বেলজিয়াম। এডেন হ্যাজার্ড-রোমেলু লুকাকু -কেভিন ডি ব্রুইনদের নিয়ে গড়া সোনালী প্রজন্মের দলটিকে রাশিয়া বিশ্বকাপে শেষপর্যন্ত তৃতীয় স্থানেই খুশি থাকতে হয়েছে।

শিরোপা হয়ত জেতা হয়নি। তবে ফুটবলারদের এমন পারফরম্যান্সে বেলজিয়ামবাসী কিন্তু অখুশি নয় মোটেই। সেটারই দেখা মিলল হ্যাজার্ডরা দেশে ফেরার পর। বীর ফুটবলারদের দেখতে দেশটির রাজপ্রাসাদের সামনে উপচে পড়েছিলেন হাজার হাজার সমর্থক। আর বীরদের বরণ করে নিয়েছেন স্বয়ং রাজা ও রানীই।

রাশিয়া বিশ্বকাপের মিশন শেষে রোববার দেশে পৌঁছেছে বেলজিয়াম ফুটবল দল। বিমানবন্দর থেকেই তাদের নিয়ে যাওয়া হয় ব্রাসেলসের রাজপ্রাসাদে। সেখানে রাজা ফিলিপ ও রানী মাথিলডের সঙ্গে দেখা করেন রবার্তো মার্টিনেজের শিষ্যরা।

তৃতীয় স্থান অর্জন করলেও বেলজিয়ামের ফুটবল ঠিক পথেই হাঁটছে বলে বিশ্বাস রেড ডেভিলস কোচ মার্টিনেজ। বিশ্বসেরা না হলেও এমন অভ্যর্থনা খেলোয়াড়দের প্রাপ্য বলেই বিশ্বাস তার।

‘আমরা বিশ্বকাপ জিততেই রাশিয়া গিয়েছিলাম। যখন আমরা ব্রাজিলকে হারিয়েছিলাম, তখন ভাবলাম আমরা পথেই আছি। কিন্তু আসর শেষে আমদের বাস্তবটাই মেনে নিতে হচ্ছে।’

‘এই খেলোয়াড়রা বেলজিয়ামের হয়ে ইতিহাস তৈরি করেছে, এটাই এখন সত্য। তাদের জন্য এই প্রশংসা যথার্থ।’

বিষয়:বিশ্বকাপ সর্বশেষ বেলজিয়াম দল রাশিয়া বিশ্বকাপ ২০১৮

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…