হোসেনী দালানে বোমা হামলার ঘটনাকে ভয়াবহ হিসেবে উল্লেখ করলেন মার্কিন রাষ্ট্রদূত ও ব্রিটিশ হাইকমিশনার। মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট আমেরিকান দূতাবাসের ফেসবুক পেজে লিখেন, পুরান ঢাকায় শিয়া আশুরার জমায়েতে জ্ঞানহীন হামলাটিকে খুব বড় ধাক্কা বলে মনে হয়েছে। এই ঘটনায় আক্রান্ত ও তাদের পরিবারের জন্য গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশের ধর্মীয় সহনশীলতা ও সাম্প্রদায়িক ঐক্যবদ্ধতার একটি ঐতিহ্যময় ইতিহাস রয়েছে। আমরা এমন সংকটকালীন পরিস্থিতিতে বাংলাদেশের জণগণ এবং সরকারের সঙ্গে রয়েছি।
একইভাবে টুইটারে নিজের ভীতির কথা প্রকাশ করেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। টুইটারে তিনি লিখেন, শিয়া আশুরার মিছিলে হামলার ঘটনায় ভীত। এই ধরনের সন্ত্রাসবাদ ও অসহনশীলতা গ্রহণযোগ্য নয়। আক্রান্তদের প্রতি আমার তীব্র সমবেদনা রইলো।
শুক্রবার দিবাগত রাতে মহরমের তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় পুরান ঢাকার হোসেনী দালানে ভয়াবহ গ্রেনেড হামলা করে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা পরপর ৬টি হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় নিহত হয়েছে ১ জন। এবং আহত হয়েছে প্রায় অর্ধশত মানুষ।







