রাজধানীর বীর উত্তম সি আর দত্ত সড়কে সুন্দরবন হোটেলের সীমানা প্রাচীর ও সড়কের একাংশ ধসের পর ক্ষতিগ্রস্ত এলাকা বালু দিয়ে ভরাট করা হচ্ছে। এতে সুন্দরবন হোটেল রক্ষা পাবে বলে মনে করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী।
টুইন টাওয়ার ভবনের পাইলিংয়ের জন্য খোড়া গর্তে সুন্দরবন হোটেলের সীমানা প্রাচীর ও সড়ক ধ্বসের স্থানে রাতভর বালু ভরাটের কাজ হয়েছে।
আপাতত ৫শ’ ট্রাক বালু ফেলা হবে ওই গর্তে। ভরাট শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে সিটি করপোরেশন।
বালু ভরাট হলে সুন্দরবন হোটেল ঝুঁকিমুক্ত হবে বলে মনে করছেন বালু ভরাট কাজের সমন্বয়ক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল ফিরোজ। তিনি বলেন, সুন্দরবন হোটেলটি আপাতত শংকামুক্ত। তারপরও ক্ষতিগ্রস্ত খাদটি বালু দিয়ে ভরাট করলে ঝুঁকির মাত্রা আরও কমবে বলেও জানান তিনি।
ঢাকা উত্তর সিটি কপোরেশনের নেতৃত্বে বালু ভরাট কাজে অংশ নিচ্ছে রাজউক, ফায়ার ব্রিগেড, দক্ষিণ সিটি কর্পোরেশন ও ঢাকা ওয়াসা।







