নরওয়ের পশ্চিম উপকূলীয় শহর বারগেনের কাছে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১৩ আরোহী নিহত হয়েছে। উদ্ধারকর্মীদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
নিহত ১৩ জনের মধ্যে ১১ জনই নরওয়ের নাগরিক। বাকি দুজনের একজন ব্রিটিশ এবং অপরজন ইটালির নাগরিক।
টিভি টু টেলিভিশন স্টেশন বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তারা একটি বিকট বিস্ফোরণ দেখেছেন এবং সাগরে কয়েকজন লোক দেখা গেছে।
নরওয়ে পুলিশ পশ্চিমাঞ্চলীয় বারগেন শহর উপকূলের একটি দ্বীপের উল্লেখ করে টুইটারে লিখেছে, বিমান বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে জরুরি সংস্থার লোকজন টুরয়ের নিকটবর্তী একটি এলাকার দিকে রওয়ানা হয়। এরপর সেখান থেকে ১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
হেলিকপ্টারটি নর্থ সী’তে একটি অফশোর তেল খনিতে শ্রমিক নিয়ে যাচ্ছিল। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে হেলিকপ্টারটি বিধ্বস্তের সময় এতে ১৩ থেকে ১৭ জন আরোহী ছিল বলে উল্লেখ করা হয়। তবে ১৩ জনের মৃতদেহ উদ্ধার করা হলেও জীবিত কারো সন্ধান পায়নি উদ্ধারকর্মীরা।







