ভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামোলি জেলার জোশীমঠ-বদরিনাথ রুটে পাইলটসহ ছয় আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ছয়জনেরই মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) চামোলি জেলার জেলা ম্যাজিস্ট্রেট গৌরব কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনাস্থলেই হেলিকপ্টারের ছয় আরোহীর মৃত্যু হয়। বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হয়ে যায়।
দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেডের। এতে পাইলট ক্যাপ্টেন হিমাংশুসহ পাঁচজন পুরুষ যাত্রী ছিলেন। নিহত অন্য পাঁচজন হলেন প্রতাপা, অরুণ, শঙ্কর গৌড়া, সুধীর কে এবং এইচ এস নটরাজা।
প্রবল তুষারপাতের মধ্যে আজ শুক্রবার বেলা সোয়া ২টার দিকে বদরিনাথ থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করে। এরপর হাতি পর্বত এলাকার কাছাকাছি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উদ্ধার ও তল্লাশি অভিযানের জন্য রাজ্যের উদ্ধারকারী দল ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লিখেছেন, ‘আমরা জোশীমঠের কাছে ছায়ী গ্রামের কাছের এলাকায় মর্মান্তিক এক হেলিকপ্টার দুর্ঘটনার সংবাদ পেয়েছি। জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং এসডিআরএফের মাধ্যমে যৌথভাবে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।’
মুখ্যমন্ত্রী আরও যোগ করেন, ‘আমি নিজে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছি। গুরুতর আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে এয়ারলিফ্ট করে উন্নত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
গত এক দশকে উত্তরাখণ্ডে অন্তত ১২টি পৃথক হেলিকপ্টার দুর্ঘটনার রেকর্ড রয়েছে। এর মধ্যে পাঁচটি বড় ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা এবং সাতটি অ-প্রাণঘাতী ঘটনা রয়েছে। এর মধ্যে আহত হওয়ার মতো জরুরি অবতরণ, যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ বা মাটিতে ঘটা নিরাপত্তা সম্পর্কিত প্রাণহানির ঘটনা অন্তর্ভুক্ত।
গত বছরের জুনে উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশী যাওয়ার পথে জঙ্গলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলে সাতজন নিহত হন।






