নেটে বল করছেন। ব্যাট করছেন। ঘাম ঝরাচ্ছেন। সানরাইজার্স হায়দরাবাদের ফেসবুক পেজে দেয়া ভিডিওতে এভাবেই জীবন্ত হয়ে উঠেছেন সাকিব আল হাসান! আইপিএল দলটির হয়ে অনুশীলন শেষে ভিডিও বার্তায় বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার জানাচ্ছেন, হায়দরাবাদের হয়ে জ্বলে উঠতে বেশ আত্মবিশ্বাসী ও নির্ভার তিনি।
চার মৌসুম কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার পর ২ কোটি রুপি মূল্যে এবার হায়দরাবাদের হয়ে খেলবেন সাকিব। দলটিতে খেলতে দুদিন আগেই ভারতে পৌঁছে গেছেন টাইগার তারকা। হায়দরাবাদের হোম ভেন্যু রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুশীলনে ঝরাচ্ছেন ঘাম।
প্রথম প্রথম স্নায়ু চাপে ভুগলেও এখন আত্মবিশ্বাসী বলে জানাচ্ছেন সাকিব। হায়দরাবাদের ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিও বার্তায় খেলার জন্য মুখিয়ে আছেন বলেও জানিয়েছেন।
‘এখন বেশ ভাল লাগছে। অনুশীলনের শুরুতে একটু স্নায়ুচাপে ছিলাম। অনুশীলনের পরে এখন বেশ আত্মবিশ্বাসী লাগছে। আশা করি এই আত্মবিশ্বাস আজ, কাল এবং প্রতিদিনই কাজে লাগাতে পারবো।’
ভিডিওতে দলের জন্য সমর্থন চাইতেও ভোলেননি সাকিব, ‘অবশ্যই আমাদের সমর্থন দেবেন। আমাদের একটা ভাল দল আছে। আমরা এগিয়ে যাবোই।’







