নয় মাস পর জাতীয় দলের জার্সিতে ফিরে এমন অভ্যর্থনাই কী চেয়েছিলেন লিওনেল মেসি? সাউথ আমেরিকান প্রতিপক্ষ ভেনেজুয়েলাকে বিপক্ষ সাজিয়ে অধিনায়ককে বরণ করে নেয়ার সমস্ত আয়োজনই করে রেখেছিল আর্জেন্টিনা। শুক্রবার রাতে সেই ম্যাচটা আলবিসেলেস্তেরা তো হেরেছেই, সঙ্গে পরের ম্যাচের জন্য হারিয়েছে মেসিকেও।
চোটের কারণে মঙ্গলবার মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচে মেসিকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা। এক বিবৃতিতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১ গোলে হারের ম্যাচে চোট পেয়েছেন দলে নয় মাস বাদে ফেরা অধিনায়ক।
বিবৃতিতে আর্জেন্টাইন এফএ জানিয়েছে, ভেনেজুয়েলা ম্যাচের পর একাধিক শ্রোণি অঞ্চলে (পিউবিক) ব্যথা অনুভব করছেন মেসি। তাই ঝুঁকি না নিয়ে মরক্কোর বিপক্ষে পরের ম্যাচে অধিনায়ককে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা। তবে একই সঙ্গে আর্জেন্টিনা এটাও জানিয়ে দিতে ভুল করেনি যে, ৩০ মার্চ এস্পানিয়লের বিপক্ষে খেলতে অসুবিধা হবে না মেসির।
মেসির পাশাপাশি চোটে পড়েছেন ফরোয়ার্ড গঞ্জালো মার্টিনেজ। মরক্কোর বিপক্ষে খেলা হবে না তারও।
চোটে পড়ার আগে অবশ্য ভালোই খেলেছেন মেসি। ৫৯ মিনিটে লাউতারো মার্টিনেজের করা আর্জেন্টিনার একমাত্র গোলে প্রত্যক্ষ অবদান ছিল তার। কিন্তু রক্ষণের ভুলে ভেনেজুয়েলার বিপক্ষে দ্বিতীয় হারের স্বাদ পেতে হয়েছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
তবে মেসির এই চোট নিয়ে এরইমধ্যে শুরু হয়ে গেছে কানাঘুষা। কারণ মরক্কোর বিপক্ষে শুরু থেকেই খেলতে চাননি বার্সেলোনা অধিনায়ক। আর খেললেও দিয়েছিলেন একাধিক হাস্যকর ও জটিলসব শর্ত। সে কারণে সন্দেহটা জোরাল হচ্ছে। চোটের কারণ দেখিয়ে হয়তো মরক্কো ম্যাচকেই এড়িয়ে গেলেন মেসি!








