কিছু বিচ্ছিন্ন ঘটনা বাদ দিয়ে নির্বিঘ্ন-নিরাপদে সিলেট পৌঁছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বিকেল সাড়ে চারটায় তিনি সিলেট সার্কিট হাউজে পৌঁছেন।
সার্কিট হাউজে কিছু সময় যাত্রা বিরতি শেষে খালেদা জিয়া হযরত শাহজালালের মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাত্রা করেন সন্ধ্যা পৌনে ৬টায়। সেখানে তিনি মাগরিবের নামাজ এবং মোনাজাতে অংশ নেন। শাহজালালের মাজার জিয়ারত করে খালেদা জিয়া হযরত শাহ পরানের মাজার জিয়ারতের জন্য রওনা দেন। বিপুল নেতাকর্মী ও সমর্থকদের ভিড় ঠেলে তিনি সন্ধ্যা ৭টা ৫ মিনিটে শাহ পরানের মাজারে যখন উপস্থিত হন, তখন এশার নামাজের সময় ঘনিয়ে আসে। এখানে এশার নামাজ আদায় এবং মাজার জিয়ারত শেষ করে সিলেট সার্কিট হাউজে এসে বিশ্রাম নেন। আজ রাতেই তার ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করার কথা রয়েছে।
সোমবার সকাল সোয়া ৯টায় গুলশান নিজ বাসভবন থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয় খালেদা জিয়ার গাড়িবহর।
চট্টগ্রাম-কক্সবাজার সফরের মতো সড়কের দুপাশে নেতাকর্মীদের বিপুল পরিমাণ উপস্থিতি দেখা যায়নি। তবে নরসিংদী, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, মাধবপুর, ব্রাহ্মণবাড়িয়া, সরাইল এসব জায়গায় বিপুল নেতাকর্মী জড়ো হয়। কয়েকটি জায়গায় পুলিশের ধাওয়ায় টিকতে পারেনি।








