হবিগঞ্জের শফি উদ্দিনের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড
মানবতাবিরোধী অপরাধ

বৃহৎ ঐতিহাসিক ভবনটি গাছের ছায়ায় দেখা যাচ্ছে, যা বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক।. Channel i News – চ্যানেল আই নিউজ
মানবতাবিরোধী অপরাধে হবিগঞ্জের লাখাই থানার মাওলানা শফি উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া আরও তিনজনকে আমৃত্যু কারাদণ্ড এবং অপরাধ প্রমাণিত না হওয়ায় এক আসামিকে খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল।
আমৃত্যু কারাদণ্ড পাওয়া তিন আসামি হলেন: মো. তাজুল ইসলাম (৮০), মো. জাহেদ মিয়া (৬২) ও ছালেক মিয়া। খালাস পাওয়া আসামির নাম সাব্বির আহমেদ।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।
আদালত রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন। আসামিপক্ষে ছিলেন আব্দুস সাত্তার পালোয়ান ও গাজী এম এইচ তামিম।
ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২১ মার্চ এই মামলায় পাঁচজনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন করে তদন্ত সংস্থা। পরে তারা প্রসিকিউটর বরাবর প্রতিবেদন দাখিল করে।
প্রসিকিউশন এই আসামিদের বিরুদ্ধে দুটি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে। এতে আসামিদের বিরুদ্ধে লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন ও হত্যাসহ বিভিন্ন অপরাধে মোট দুটি অভিযোগ আনা হয়।
দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে গত ১৭ মে রায়ের জন্য মামলাটি অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল।






