জামালপুরের মেলান্দহে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর চিরকুটে উল্লেখ করে যাওয়া ধর্ষককে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
অভিযুক্ত যুবক তামিম আহমেদ স্বপনকে ধর্ষণ মামলার আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় র্যাব।
র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কমান্ডার আশিক উজ্জামান সংবাদ সম্মেলনে জানান, বৃহস্পতিবার সকালে মেলান্দহের শাহজাদপুর গ্রামের দশম শ্রেণির ছাত্রী স্কুলে যাওয়ার সময় সাধুপুর কান্দারপাড়া গ্রামের খোকা মোল্লার ছেলে তামিম আহমেদ স্বপন রাস্তা থেকে তাকে তুলে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই ছাত্রী বাড়ি ফিরে চিরকুটে সব লিখে আত্মহত্যা করে।
বৃহস্পতিবার রাতেই নিজ ঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। চিরকুটে ধর্ষকের নাম উল্লেখ করে ওই ছাত্রী লিখে যায়, অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার কথা। এ ঘটনায় শুক্রবার মেলান্দহ থানায় মামলা হলে র্যাব-১৪ ময়মনসিংহ জেলার চরশশা গ্রাম থেকে ধর্ষক তামিম আহমেদ স্বপনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার স্বপন প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে ওই স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ স্বীকার করেছে বলে জানানো হয় র্যাবের সংবাদ সম্মেলনে।








