জামালপুর শহরের একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে ইসরাত জাহান (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ফ্ল্যাটের একটি কক্ষে আটকে থাকা তাঁর দুই শিশুসন্তানকেও জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সকালে শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের স্বামী কাউসার আহম্মেদ শাওন পলাতক রয়েছেন।
স্থানীয়রা জানান, সকালে ছয়তলা ভবনের পঞ্চম তলার ওই ফ্ল্যাটের জানালা দিয়ে দুই শিশু বারবার পানি চাইছিল। দীর্ঘ সময় ধরে তাদের কান্না ও আকুতি শুনে আশপাশের লোকজনের সন্দেহ হয়।
পরে বিষয়টি ভবনের মালিককে জানানো হলে দেখা যায়, ফ্ল্যাটের মূল দরজায় বাইরে থেকে তালা দেওয়া। স্থানীয়রা তালা ভেঙে ভেতরে ঢুকে দুই শিশুকে উদ্ধার করেন।
এরপর ফ্ল্যাটের অন্য একটি কক্ষে ইসরাত জাহানের নিথর দেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের ১০ বছর বয়সী মেয়ে স্নেহা ও ৫ বছর বয়সী ছেলে মমিন শাহরিয়ার বর্তমানে সুস্থ রয়েছে বলে জানা গেছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ বা ঘটনার পেছনের রহস্য নিশ্চিত হওয়া যায়নি। পলাতক স্বামী কাউসার আহম্মেদকে গ্রেপ্তারে অভিযান চলছে। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত করছে পুলিশ।









