যমুনা সার কারখানায় ইউরিয়া সারের উৎপাদন আবার বন্ধ

বাংলাদেশের জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানায় যান্ত্রিক ত্রুটির কারণে ইউরিয়া সারের উৎপাদন আবার বন্ধ হয়ে গেছে।
এর আগে, গত আট মাস বন্ধ থাকার পর দুইদিন আগে মঙ্গলবার এই কারখানায় সারের উৎপাদন শুরু হয়েছিল।
যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের প্রশাসন বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইউরিয়া সারের উৎপাদন বন্ধ হলেও অ্যামুনিয়া সারের উৎপাদন চলছে।
দেলোয়ার হোসেন বলেন, অ্যামুনিয়ার উৎপাদন চলছে, যান্ত্রিক ত্রুটির কারণে ইউরিয়া সারের উৎপাদন বন্ধ হয়ে গেছে। তবে আশা করছি, দুই-দিনের মধ্যেই আবার চালু করা যাবে।
বৃহস্পতিবার সকালে বয়লার লিকেজ দেখা দেওয়ায় যমুনা সার কারখানায় ইউরিয়া সারের উৎপাদন বন্ধ হয়ে গেছে।
এর আগে, গত ফেব্রুয়ারিতে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় এই সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়।
প্রায় আট মাস উৎপাদন বন্ধ থাকার পর গত মঙ্গলবার থেকে পুনরায় উৎপাদন শুরু হয়েছিল। এরপর এখন আবার এই সারের উৎপাদন বন্ধ হয়ে গেল।






