শীর্ষ শিয়া নেতা শেখ নিমর আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের পর ইরানে সৌদি দূতাবাসে হামলার ঘটনায় সৌদি-ইরান কূটনৈতিক উত্তেজনা বাড়ছেই।
কূটনৈতিক যুদ্ধে এবার সৌদি আরবের পক্ষে অবস্থান নিয়েছে কাতার। তেহরান থেকে রাষ্ট্রদূতকে ফেরত আনছে দেশটি। এর আগে সৌদিআরবের মিত্র বাহরাইন, কুয়েত ও সুদান ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।
জর্ডান ইরানের রাষ্ট্রদূতকে তলব করে সৌদি দূতাবাসে হামলার প্রতিবাদ জানায়। সৌদি-ইরান কূটনৈতিক উত্তেজনা কমতে দূতিয়ালি করার প্রস্তাব দিয়েছে ইরাক।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম জাফরি।
শেখ নিমরের মৃতদণ্ড কার্যকরের প্রতিবাদে ইরাকের বাগদাদ ও বসরায় সৌদি বিরোধী বিক্ষোভ হয়েছে। বিক্ষোভে যোগ দেয় কয়েক হাজার শিয়া।







