দেখা হলো দুই ভাইয়ের, আবেগে ভাসছেন দর্শক!

প্রচারের প্রথম পর্ব থেকে আলোচনা তৈরি করেছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন সিরিয়াল ফিরে আসার গল্প। ভিউ এবং প্রশংসা- দুই দিক দিয়েই সিরিয়ালটি তুমুলভাবে দর্শকদের আকর্ষণ করেছে। বুধবার প্রচার হয়েছে এর সপ্তম এপিসোড।
যেখানে একসঙ্গে দেখা যায় দুই ভাই শহিদুজ্জামান সেলিম এবং জাহিদ হাসানকে। তাদের এই দৃশ্যগুলো দেখে দর্শক আবেগে ভাসছে।
নির্মাতা জানিয়েছেন, ৪ ঘণ্টার আগেই ২ মিলিয়ন দর্শক দেখেছে। সেইসাথে সিনেমাওয়ালা ইউটিউবে দেখা যায়, ৪ হাজারের কাছাকাছি প্রশংসায় ভাসানো মন্তব্য।
মুসাফির নামে এক দর্শক লিখেছেন, মোস্তফা কামাল রাজ আসলেই একজন জিনিয়াস পরিচালক! ️ দিন দিন অন্যান্য নাটকের গল্প যেখানে রুচিহীন হয়ে যাচ্ছে, সেখানে ‘ফিরে আসার গল্প’ মানসম্মত গল্প ও অসাধারণ নির্মাণের এক দারুণ উদাহরণ।
শারমিন সুলতানা লিখেছেন , এই নাটকটি একটি বাস্তব সমাজকে তুলে ধরেছে। এই নাটকটি পরিবারের সবাই মিলে দেখা যায় এমন একটি নাটক। পাপ্পু লিখেছেন, এমন অর্থপূর্ণ ও বাস্তবধর্মী কাজগুলোই বাংলা নাটকের মান বাড়িয়ে দিচ্ছে। পরিচালক এবং পুরো কলাকুশলীদের প্রতি অনেক শ্রদ্ধা ও ভালোবাসা রইল। রুমানা আফরোজ লিখেছেন, ফিরে আসার গল্পের জন্য পুরো সপ্তাহ অপেক্ষায় থাকি।
নির্মাতা রাজের এর আগের তুমুল হিট সিরিয়াল ‘এটা আমাদেরই গল্প’র অভিনয়শিল্পীদের বড় একটি অংশের পুনর্মিলন ঘটেছে ‘ফিরে আসার গল্প’-তে। তাদের মধ্যে রয়েছেন খায়রুল বাসার, মনিরা আক্তার মিঠু, দীপা খন্দকার, ডা. এজাজুল ইসলাম, মাহমুদুল ইসলাম মিঠু, অদিতি জামান স্নেহা, মুকিত জাকারিয়া, এমএনইউ রাজু ও ডিকন নূর।
একঝাঁক তারকা নিয়ে তৈরি হয়েছে ‘ফিরে আসার গল্প’। দুই অভিনেতা জাহিদ হাসান ও শহীদুজ্জামান সেলিম প্রায় ১৩ বছর পর আবারও একই ধারাবাহিকে অভিনয় করেছেন। এ ছাড়া আছেন তানজিম সাইয়ারা তটিনী ও ফাইজুল ইয়ামিন।
‘ফিরে আসার গল্প’র নামেই যেন লুকিয়ে আছে গল্পের মূল আবেগ। এর ট্যাগ লাইন যেখানে সম্পর্কই বড় শক্তি। সময়ের কোনো এক পর্যায়ে সম্পর্ক কিংবা অনুভূতির কাছেই আবার ফিরে আসার প্রয়োজন তৈরি হয় মানুষের। সেই ফিরে আসার পথ, তার টানাপড়েন ও আবেগ নিয়েই ধারাবাহিকটি।






