সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরের সময় ফার্স্ট লেডি মেলেনিয়া ও কন্যা ইভানকা ট্রাম্পকে স্কার্ফ দিয়ে মাথা ঢাকতে দেখা যায়নি। তবে ভ্যাটিকান সিটিতে গিয়ে মাথায় স্কার্ফ দিয়েছেন তারা দুজনই। পোপ ফ্রান্সিসের সম্মানে এবং ভ্যাটিকান সিটির প্রটোকলের মেনে তারা মাথায় স্কার্ফ পড়েন।
সৌদি আরবের নারীদের বাইরে বের হতে হলে কালো বোরখা দিয়ে মুখ থেকে পা পর্যন্ত সারা শরীর ঢেকে বের হতে হয়। কোন নারী বিদেশি পর্যটক ঘুরতে আসলেও তাদেরকে অন্তত মাথার চুল ঢাকতে হবে-দেশটিতে এমনই নিয়ম রয়েছে। সৌদি সফরে মেলানিয়া কেমন পোশাক পরবেন– সেটি নিয়ে সফর ঘোষণা হওয়ার পর থেকেই বেশ জল্পনা-কল্পনা চলছিল। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সৌদিতে সস্ত্রীক সফরে মিশেল মাথায় স্কার্ফ না পরায় বেশ সমালোচনার মুখে পড়েছিলেন।

এই সফরের আগে মার্কিন ফার্স্ট লেডিকে তার দৈনন্দিন ফ্যাশন তালিকার বাইরে যেতে হবে না এবং তাকে যেকোনো স্টাইলের পোশাকেই স্বাগত জানানো হবে এমনটি জানানো হয়েছিলো সৌদির পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ আল-জুবায়েরের পক্ষ থেকে।

ট্রাম্প তখন নিজেই এর বিরোধিতা করে টুইট করেছিলেন, অনেকেই বলছে মিসেস ওবামা সৌদি আরবে স্কার্ফ পরতে অস্বীকৃতি জানিয়ে চমৎকার কাজ করেছেন। কিন্তু তারা (আরবরা) আসলে এতে অপমানিত হয়েছে। আমাদের এমনিই যথেষ্ট শত্রু আছে।
এমন প্রেক্ষাপটে সবাই আশা করেছিল, ট্রাম্পের স্ত্রী ফার্স্ট লেডি হয়ে যখন সৌদি আরব বা অন্যান্য আরব দেশ সফরে যাবেন, তিনি নিশ্চয় স্কার্ফ বা ওড়না পরেই যাবেন। কিন্তু বাস্তবে সেটি দেখা যায়নি।

তবে ভ্যাটিকান সিটিতে গিয়ে পোপ ফ্রান্সিসের সম্মানে প্রোটোকল মেনে মাথায় স্কার্ফ পড়তে দেখা গেছে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও তার কন্যা ইভানকা ট্রাম্পকে।

আট দিনের সফরে সৌদি আরব, ইসরাইলের পর ভ্যাটিকান সিটিতে যান ট্রাম্প। এরপর ট্রাম্প বেলজিয়াম ও সিসিলি সফর করবেন।







