জনপ্রিয় ব্যান্ড তারকা ও অর্থহীন ব্যান্ডের সুমন এখন আছেন সিঙ্গাপুরে। ব্যাংককের স্যামিতিভেজ সুখুম্ভিত হাসপাতালে চিকিৎসকেরা তার মাথা আর পেটে যে চিকিৎসা দিয়েছেন, সে ব্যাপারে সিঙ্গাপুরের চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ নেবেন। রিপোর্ট দেখাবেন, প্রয়োজনীয় চেকআপ করাবেন।
গত ১৭ জুন ব্যাংককের সুখুম্ভিতে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন সুমন। এরপর ফেসবুকের মাধ্যমে সুমন জানান, তখন তিনি রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় পেছন থেকে একটি মাইক্রোবাস তাকে জোরে ধাক্কা দেয়। তিনি পড়ে যান। এতে তার মুখের চোয়াল ভেঙে যায় এবং কানের অংশ বিচ্ছিন্ন হয়। স্থানীয়রা দ্রুত তাকে পাশের স্যামিতিভেজ সুখুম্ভিত হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার দেহে ১১ ঘণ্টা অস্ত্রোপচার করা হয়।
সুমন বলেন, ‘অস্ত্রোপচারের সময় কিছু চামড়া ও মাংশপেশী আমার শরীরের অন্য জায়গা থেকে এনে আমার মুখে ও মাথার ক্ষত স্থানে বসানো হয়। এ ব্যাপারটা নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলব।’
এদিকে সবার অগোচরে সম্প্রতি ব্যাংকক থেকে দেশে ফেরেন সুমন। গতকাল রোববার রাতে ঢাকা থেকে সিঙ্গাপুর গেছেন তিনি। জানালেন, নিজেকে সবার কাছ থেকে একটু দূরে রাখছেন। পুরোপুরি সুস্থ হয়ে তবেই সবার কাছে আসতে চান তিনি।
সুমন আরও জানান, মাসখানেক পর চিকিৎসার জন্য আবার ব্যাংকক যাবেন। এখন তিনি অনেকটা ভালো।








