বিনোদন

এ বছর ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন যারা

এ বছর ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন যারা

বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎদের অন্যতম ও প্রথম চলচ্চিত্রবিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক এবং বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্রর পরিচালক ফজলুল হকের মৃত্যুবার্ষিকী ২৬ অক্টোবর।

ফজলুল হক স্মরণে ফজলুল হক স্মৃতি কমিটি ২০০৪ সাল থেকে প্রতিবছরই দুজনকে ফজলুল হক স্মৃতি পুরস্কার প্রদান করে আসছে।

প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন এই পুরস্কার প্রবর্তন করেন। এ বছর এই পুরস্কার পাচ্ছেন চলচ্চিত্র পরিচালনায় নির্মাতা মেজবাউর রহমান সুমন এবং চলচ্চিত্র সাংবাদিকতায় মাহমুদা চৌধুরী।

২৬ অক্টোবর ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চ্যানেল আই স্টুডিওতে অনুষ্ঠানের মাধ্যমে ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০২৬’ প্রদান করা হবে। দুজনের হাতে তুলে দেয়া হবে এ পুরস্কারের অর্থমূল্য, সম্মাননাপত্র ও ক্রেস্ট।

বহু টিভি ফিকশন ও বিজ্ঞাপন বানিয়ে পরিচিতি পেলেও সিনেমা নির্মাণে পা রেখেই নিজের দক্ষতার প্রমাণ রাখেন মেজবাউর রহমান সুমন। তার প্রথম মুক্তি পাওয়া সিনেমা ‘হাওয়া’ বক্স অফিসে তুমুল সফলতা পায়। দেশের বাইরেও হুমড়ি খেয়ে ‘হাওয়া’ দেখে মানুষ। চলতি বছরে মুক্তি পায় তার দ্বিতীয় সিনেমা ‘রইদ’, যথারীতি দর্শকদের ভীষণ প্রশংসা পায় সিনেমাটি। মুক্তির আগে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগেও লড়াই করে ‘রইদ’।

মাহমুদা চৌধুরী ও মেজবাউর রহমান সুমন

বর্তমানে ‘রইদ’ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে সফর করছে। এরইমধ্যে সদ্যই বাংলাদেশ অস্কার কমিটি নিশ্চিত করেছে যে, আসন্ন ৯৯তম অস্কারে ‘আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে সুমনের ‘রইদ’।

এদিকে ১৯৭৮ সালে ‘সাপ্তাহিক বেগম’ পত্রিকায় কাজ করার মধ্য দিয়ে সাংবাদিকতার জগতে পথচলা শুরু করেন মাহমুদা চৌধুরী। এরপর অধুনালুপ্ত বিচিত্রায় প্রায় দেড় দশক কাজ করার পর যোগ দেন দৈনিক দিনকালে।

সাংবাদিকতার পাশাপাশি দুটি বইও লিখেছেন মাহমুদা চৌধুরী। বইগুলো হলো- বাংলাদেশ ফিল্ম আর্কাইভ থেকে প্রকাশিত মাহমুদা চৌধুরীর গবেষণাগ্রন্থ ‘জহির রায়হানের চলচ্চিত্র : সমাজ ভাবনা’, ও ‘নারী : অর্ধেক পৃথিবী’।

বিষয়:চৌধুরী ফজলুল হক স্মৃতি পুরস্কার মাহমুদা রইদ সুমন হাওয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…