হাইকোর্টের চার জন বিচারপতিকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়ােগ দেয়া হয়েছে।
আপিল বিভাগে নিয়োগ পাওয়া এই চার বিচারপতি হলেন: বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি এফআরএম নাজমুল আহাসান, বিচারপতি কৃষ্ণা দেবনাথ।
রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব (দায়িত্বপ্রাপ্ত) মাে: গোলাম সারওয়ার সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এদের নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি এফআরএম নাজমুল আহাসান, বিচারপতি কৃষ্ণা দেবনাথকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক নিয়ােগ করিয়াছেন। এই নিয়ােগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হইবে।’
এই চার জন নিয়োগ পাওয়ায় আপিল বিভাগে এখন মোট বিচারকের সংখ্যা হলো আট জন।







