গুলশানে জঙ্গি হামলায় জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই হাসনাত করিমকে হামলা ও হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ মামলায় প্রথম আসামী হিসেবে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ দফায় ৮দিন রিমান্ডের আগে তাকে ৫৪ ধারায় রিমান্ডে নেওয়া হয়েছিলো।
গুলশানের ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম ও কানাডার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তাহমিদ হাসিব খানকে পুলিশ সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় গ্রেফতারের কথা জানায় ৪ আগস্ট। প্রথম দফায় তাদের দু’জনকেই ৮ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে গুলশান হত্যায় হাসনাত করিমের জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়ার কথা জানায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। শনিবার হাসনাত করিমকে আরো ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়।
ডিএমপির যুগ্ম কমিশনার মো. আব্দুল বাতেন বলেন, প্রাথমিক পর্যায়ে যদি আমরা কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রমাণ পাই তখন যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের ভিত্তিতে আমরা মামলা করি। সুতরাং খুবই সাধারণভাবে এটা নিশ্চিত যে তার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ রয়েছে। তথ্য প্রমাণ না থাকলে আমরা মামলা দেখায় না। দেখানোর মতো প্রমাণাদি থাকলে মামলা দেখায়, তা না হলেতো খুব লম্বা সময় ধরে তাকে রিমান্ডে রাখা হচ্ছে।
তবে কানাডার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তাহমিদ হাসিব খানকে মামলায় গ্রেফতার না দেখিয়ে দ্বিতীয় বারের মতো ৫৪ ধারার ৬ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।








