সীমান্ত সম্মেলনে বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে ভারতে প্রতিনিধিদল

সীমান্ত সম্মেলনে বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে ভারতে প্রতিনিধিদল।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভারতের গৌহাটিতে অনুষ্ঠিতব্য বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫১তম সীমান্ত সম্মেলনে যোগ দিতে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল এখন ভারতে।
মঙ্গলবার সকাল ১০ টায় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম এর নেতৃত্বে ১১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সিলেটের তামাবিল-ডাউকি আইসিপি দিয়ে ভারতে প্রবেশ করেন।
মঙ্গলবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতে প্রবেশের পর বিএসএফ মেঘালয় ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারের আইজি হারদীপ সিং, আইপিএস বিজিবি মহাপরিচালককে ফুলেল সংবর্ধনা ও গার্ড অব অনার দিয়ে অভ্যর্থনা জানান।
এরপর বিজিবি মহাপরিচালক সহ বাংলাদেশ প্রতিনিধিদল বিএসএফের হেলিকপ্টারে করে ভারতের গৌহাটিতে পৌঁছান।
সেখানে বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানা, আইপিএস বিজিবি মহাপরিচালককে অভ্যর্থনা জানান এবং ফুল দিয়ে বরণ করে নেন।
আজ বিকাল ৩টায় ভারতের গৌহাটিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫১তম সীমান্ত সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
সম্মেলনে বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানা, আইপিএস এর নেতৃত্বে ১২ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল অংশগ্রহণ করবেন।
আগামী ২৫ ডিসেম্বর ২০২০ তারিখে সম্মেলনের যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি হবে।
সম্মেলন শেষে আগামী ২৬ ডিসেম্বর ২০২০ তারিখে বাংলাদেশ প্রতিনিধিদল দেশে ফিরবেন।






