ছয় গ্রাম নিয়ে টানাপোড়েন, ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক-রেলপথ অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছয়টি গ্রাম নিয়ে আখাউড়া উপজেলায় নতুন ইউনিয়ন গঠনের প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা। এতে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে আখাউড়া-আগরতলা সড়ক অবরোধ করায় ভারতগামী যাত্রী ও পণ্যবাহী যানবাহনসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
রেলপথ অবরোধের কারণে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেনের চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে। অন্যদিকে সড়ক অবরোধের কারণে এ পথে চলাচলকারী যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে নতুন বরিশল ইউনিয়ন গঠন করা হয়। গ্রামগুলো হলো কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল। এসব গ্রাম বাসুদেব ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন করে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়। এ বিষয়ে গত ৪ জুন গেজেট প্রকাশিত হয়।

স্থানীয়রা শুরু থেকেই এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছেন। তাদের দাবি, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সমাধান হয়নি। এর মধ্যে সম্প্রতি সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়নের অংশ নিয়ে আখাউড়া উপজেলায় নতুন ‘বরিশল’ ইউনিয়ন গঠনের একটি প্রস্তাব সামনে এসেছে। এ প্রস্তাব ঘিরে স্থানীয়দের মধ্যে নতুন করে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তাদের অভিযোগ, জেলা বিএনপির নেতা কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ সম্ভাব্যতা যাচাইয়ের জন্য দাপ্তরিক চিঠি পাঠিয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর ক্ষুব্ধ বাসিন্দারা সড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচি পালন করছেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ দায়িত্ব পালন করছে।






