৭ দিনের মধ্যে ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ

আদালত প্রাঙ্গণে সাংবাদিককে গালাগাল ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ৫ নভেম্বর ঢাকার আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ওই ঘটনার জন্য ৭ দিনের মধ্যে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে তাকে।
রোববার (৮ নভেম্বর) সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এই নোটিশ পাঠান। পরীমনির পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককেও নোটিশ দেওয়া হয়েছে। রেজিস্ট্রি ডাকযোগে তিনজনের কাছে নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী।
নোটিশে পরীমনিকে ভবিষ্যতে অশ্লীল কথাবার্তা, হুমকি, অশালীন অভিনয়, অঙ্গভঙ্গি ও নৃত্যসহ শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই, এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে পরীমনিকে শোকজ নোটিশ দিয়ে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন নোটিশদাতা।
নোটিশে বলা হয়, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা একটি মামলায় আত্মসমর্পণ করে গত ৫ নভেম্বর আদালত থেকে জামিন পান পরীমনি। সেদিন বেলা ১১টা ৪০ মিনিটের দিকে গাড়ি থেকে নেমে এজলাসের দিকে যাওয়ার সময় তার ছবি ও ভিডিও ধারণ করতে গেলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কি হয়।
এ সময় পরীমনি এক মাল্টিমিডিয়া রিপোর্টারের মুঠোফোন কেড়ে নেন বলে নোটিশে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি তার নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে ভিডিও ধারণের কাজে ব্যবহৃত ট্রাইপড ভেঙে ফেলার অভিযোগও আনা হয়েছে। ওই ঘটনায় কয়েকজন সাংবাদিক আহত হন। এ ছাড়া সুজন চন্দ্র মণি দাস নামের এক বিচারপ্রার্থীও আহত হন। তার মাথা ফেটে রক্ত বের হওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
নোটিশে আরও বলা হয়, আদালত থেকে বের হওয়ার পর পরীমনি সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইনের দিকে তেড়ে যান। এ সময় তাকে অশ্লীল ভাষায় গালাগাল ও প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
নোটিশদাতার ভাষ্য, একজন পেশাগত সাংবাদিকের সঙ্গে এ ধরনের আচরণ শুধু তার পেশাগত মর্যাদার জন্যই নয়, স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের দায়িত্ব পালনের পরিবেশের জন্যও হুমকিস্বরূপ।






