সিরিয়া সংকট সমাধানে খসড়া শান্তি প্রস্তাবে একমত হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ শীর্ষ সদস্য। মহসচিব বান কি মুনের আহ্বানে নিউইয়র্কের বৈঠকে ভিয়েনার বৈঠকের রূপরেখায় একমত হন পাঁচ বিশ্বশক্তি।
সিরিয়ার পাঁচ বছরের সংকট সমাধানের পথে। গৃহযুদ্ধ থেকে সিরিয়াকে রক্ষা ও আইএস জঙ্গিদের হাত থেকে বিশ্বকে বাঁচানোর লক্ষ্যে শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১৭টি দেশকে বৈঠকে ডাকেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
সিরিয় প্রেসিডেন্ট আসাদের বিপরীত অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রসহ সৌদি আরব, রাশিয়া, ইরানও সভায় উপস্থিত ছিলো। সেখানেই শান্তি আলোচনার খসড়া প্রস্তাবে রাজি হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ শীর্ষ সদস্য।
জানুয়ারিতে খসড়া শান্তি প্রস্তাব সিরিয়ার সরকারের কাছে উপস্থাপন করবে জাতিসংঘ। পাশাপাশি শান্তি আলোচনা ও যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং রাশিয়ার নেতৃত্বে চলবে আইএস বিরোধী বিমান হামলাও।
সিরিয়া যুদ্ধে পাঁচ বছরে আড়াই লাখেরও বেশি মানুষ নিহত ও এক কোটি বিশ লাখ মানুষ গৃহহীন হয়েছে।






