সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরাইলের হামলায় লেবাননের শিয়া সংগঠন হিজবুল্লাহর শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার মুস্তাফা বদরেদ্দিন নিহত হয়েছেন। শুক্রবার দামেস্ক আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে লেবাননের আল-মাইয়াদ্দিন টেলিভিশন চ্যানেল।
কমান্ডার বদরেদ্দিনের নিহতের খবর নিশ্চিত করেছে হিজবুল্লাহ। তবে এই দাবির ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
বদরেদ্দিনসহ হিজবুল্লাহর অন্য সদস্যদের বিরুদ্ধে লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরিকে হত্যার অভিযোগ রয়েছে। ২০০৫ সালে বৈরুতে এক বোমা হামলায় নিহত হন রফিক হারিরি।
হিজবুল্লাহর আরেক শীর্ষস্থানীয় কমান্ডার ইমাদ মুগানিয়া’র তিনি জ্ঞাতি ভাই এবং ভগ্নিপতি। ২০০৮ সালে ১২ ফেব্রুয়ারি ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের পেতে রাখা বোমা বিস্ফোরণে নিহত হয়েছিলেন ইমাদ মুগনিয়া।
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, ১৯৮২ সাল থেকে ইসলামী প্রতিরোধের বেশিরভাগ অপারেশনে অংশ নিয়েছেন বদরেদ্দিন।
সংগঠনের সামরিক শাখার শীর্ষস্থানীয় এই কমান্ডারের জন্ম ১৯৬১ সালে।








