সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের শহর আরিহায় একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ১৭ জন নিহত হয়েছে। তবে বিমানটি ভূপাতিত করা হয়েছে, নাকি অন্য কোনো কারণে সেটি বিধ্বস্ত হয়েছে, তা স্পষ্ট নয়।
ওই এলাকায় বোমা হামলা চালানোর সময় বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে সিরিয়ায় কর্মরত যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস্।
এ ঘটনায় অনেকে আহত হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। অন্য একটি সংস্থার লোকাল কো-অর্ডিনেশন কমিটি জানিয়েছে, স্থানীয় লোকজন ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ এবং জীবিতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ঘটনাস্থলের কাছে বসবাসকারী এক প্রত্যক্ষদর্শী সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, বিমানটি বাজারের কাছের রাস্তায় বোমা ফেলার কয়েক মুহূর্তের মধ্যেই ভূপাতিত হয়।
গত মে মাসে আরিহা শহরটি দখল করে নেয় বিদ্রোহীরা। এর ফলে তুরস্ক সীমান্তবর্তী ইদলিব প্রদেশের বেশিরভাগ এলাকাই বিদ্রোহীদের হাতে চলে যায়।







