সিরিয়ার রাজধানী দামেস্কের একটি আদালতে আত্মঘাতী বোমা হামলায় হতাহত হয়েছে বহু মানুষ।
বুধবারের ওই হামলায় ১৫ জন আইনজীবীসহ অন্তত ৩০ জন নিহত হয়েছে বলে জানায় আল-আরাবিয়া টেলিভিশন চ্যানেল।
অবশ্য ওই হামলায় মাত্র একজন বেসামরিক মানুষের মৃত্যু ও অনেক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সানা।
আদালত চত্বরটি দামেস্কের বিখ্যাত ও জনবহুল হামাদিয়ায় অবস্থিত।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, আদালতে মূল ভবনে আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। হামলাকারী বিস্ফােরণে নিজেক উড়িয়ে দিয়েছে। এতে বহু মানুষ হতাহত হয়েছে।
সানা নিহতের সংখ্যা একজনের বেশি স্বীকার না করলেও রাষ্ট্রীয় টেলিভিশনে আদালতের কর্মকর্তাদের বরাতে নিহতের সংখ্যা ৩০ বলে জানিয়েছে।
আহত হয়েছে আরও অন্তত ৪৫ জন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়বে বলেই জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
গত শনিবারও দামেস্কের সুরক্ষিত এলাকায় দুটি আত্মঘাতী হামলায় ৪০ জনের বেশি মানুষ নিহত হয়। ওই হামলার দায় স্বীকার করে সিরিয়ার আল-কায়েদা ঘনিষ্ঠ আল-নূসরা ফ্রন্ট। তবে তাৎক্ষণিকভাবে বুধবারের হামলার দায় কেউ স্বীকার করেনি।







