ইংল্যান্ডের পাওয়ার হিটার লিয়াম লিভিংস্টোনের আইপিএলের নিলামে ভিত্তিমূল্য ছিল এক কোটি। অথচ তাকে চড়া মূল্যে কিনে ফেলেছে পাঞ্জাব কিংস। নিলাম শেষে তার মূল্য ১১ কোটি ৫০ লাখ রুপি।
লিভিংস্টোনকে নিয়ে শুরুতে চলতে থাকে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের লড়াই। মাঝে তাকে নিয়ে আগ্রহী হয়ে ওঠে চেন্নাই সুপার কিংস।
৭ কোটি রুপিতে বিড করেছিল গুজরাট টাইটান্স। এরপর পাঞ্জাবের সঙ্গে লড়াইয়ে নামে সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু হাল ছাড়েনি পাঞ্জাব। শেষ পর্যন্ত তারা সাড়ে ১১ কোটিতে লিভিংস্টোনকে দলে টানে।
আইপিএলের নিলামের ইতিহাসে ইংল্যান্ডের ক্রিকেটারদের মধ্যে চতুর্থ সর্বাধিক দামে বিক্রি হলেন লিভিংস্টোন। ২০১৭ সালে রাইসিং পুনে জায়ান্টসে ১৪ কোটি ৫০ লাখে বিক্রি হয়েছিলেন বেন স্টোকস। পরের বছর স্টোকস সাড়ে ১২ কোটিতে রাজস্তান রয়্যালসে বিক্রি হন। একই বছর ১২ কোটি রুপিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে বিক্রি হন টাইমন মিলস।
ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ওডেন স্মিথও অপ্রত্যাশিত দামে বিক্রি হয়েছেন। ৬ কোটি রুপিতে পাঞ্জাব তাকে নিজেদের ঘরে তুলেছে। গত বছর কলকাতা নাইট রাইডার্সে খেলা ওডেনের ভিত্তিমূল্য ছিল ১ কোটি।
এছাড়া সাউথ আফ্রিকার ওপেনিং ব্যাটার এইডেন মার্করামকে ২ কোটি ৬০ লাখ রুপিতে আইপিএল নিলামে কিনে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
গত মৌসুমে পাঞ্জাব কিংসে খেলেছিলেন মার্করাম। এবারো তাকে পেতে নিলামে পাওয়ার জন্য বিড করেছিল। এরপর তাদের নিলামে হায়দরাবাদ চ্যালেঞ্জ করে। চলতে থাকে পাঞ্জাব ও হায়দরাবাদের লড়াই। শেষ পর্যন্ত হায়দরাবাদ তাকে পেয়ে যায়।
প্রোটিয়া অলরাউন্ডার মার্কো জানসেনকে ৪ কোটি ২০ লাখ রুপিতে কেনে হায়দরাবাদ। তার ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ।







