শেষ পর্যন্ত হোর্হে সাম্পাওলিই পাচ্ছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্বটা। ৫৭ বছর বয়সী এই অভিজ্ঞকে পেতে তার বর্তমান ক্লাব সেভিয়ার সঙ্গে একটি সমঝোতায় পৌঁছেছে মেসি-ডি মারিয়াদের দেশের ফুটবল সংস্থা।
সেভিয়া শুক্রবার এক বিবৃতিতে আর্জেন্টিনার সঙ্গে সমঝোতার বিষয়টি জানায়। আগামী বৃহস্পতিবারের মধ্যে সবকিছু একটা চূড়ান্ত পরিণতি পাবে বলেও জানায় সাম্পাওলির অধীনে সদ্যগত লা লিগায় চতুর্থ হওয়া স্প্যানিশ ক্লাবটি।
বিশ্বকাপ বাছাইপর্বে বাজে পারফরমেন্সের জন্য গত ১১ এপ্রিল এগার্ডো বাউজাকে ছাঁটাই করে আর্জেন্টিনা। এরপর থেকেই মেসিদের কোচের পদটি খালি ছিল। তখন দেশটির ফেডারেশনের সভাপতি ক্লোদিও তাপিয়া জানিয়েছিলেন, সাম্পাওলিই আছেন প্রথম পছন্দ হিসেবে। উত্তরে সাম্পাওলিও মেসিদের দায়িত্ব নেওয়ার জন্য মুখিয়ে থাকার কথা জানান।
বিশ্বকাপ বাছাইপর্বে ধুঁকছে আর্জেন্টিনা। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে সরাসরি খেলা এখনো অনিশ্চিত গত বিশ্বকাপ ও শেষ দুটি কোপা আমেরিকার রানার্সআপ দলটির। দলকে রাশিয়ার টিকিট পাইয়ে দেওয়াই এখন মূল চ্যালেঞ্জ হবে ২০১৫ সালে আর্জেন্টিনাকে হারিয়েই চিলিকে কোপা আমেরিকা জেতানো সাম্পাওলির।
লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব টেবিলে দশ দলের মধ্যে পাঁচে আছে আর্জেন্টিনা। জুনে দুটি প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তারা। ৯ জুন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে, আর ১৩ জুন সিঙ্গাপুরের বিপক্ষে নামবে লিওনেল মেসির দল।








