বছরের প্রথম গ্র্যান্ড স্লামের শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছেন রজার ফেদেরার। সেই ধারাবাহিকতা বুধবারও ধরে রাখলেন সুইস তারকা। সরাসরি টেসে জিতে নিশ্চিত করলেন অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল। ২০তম গ্র্যান্ড স্লাম জয় থেকে এখন দুই কদম দূরে সর্বকালের সেরা এ টেনিস খেলোয়াড়।
একইদিনে পুরুষ এককে চুং হিউন ও মেয়েদের শীর্ষবাছাই সিমোনা হালেপও শেষ চার নিশ্চিত করেছেন।
মেলবোর্ন পার্কের রডলেভার অ্যারেনায় চেক রিপাবলিকের টমাস বার্ডিখকে ৭-৬, ৬-৩, ৬-৪ গেমে উড়িয়ে দেন ফেদেরার। সুইস তারকা ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন সাউথ কোরিয়ার হিউনকে।
এদিকে হিউন টুর্নামেন্টের আরেক চমক যুক্তরাষ্ট্রের টেনিস স্যান্ডগ্রেনকে ৬-৪, ৭-৬, ৬-৩ গেমে হারিয়েছেন।
মেয়েদের এককের কোয়ার্টার ফাইনালে চেক রিপাবলিকের ক্যারোলিনা প্লিসকোভাকে সরাসরি সেটে হারিয়েছেন হালেপ। প্রথম সেটে ৩-০ গেমে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ৬-৩, ৬-২ গেমে জয় তুলে নেন তিনি।
হালেপ ফাইনালে ওঠার লড়াইয়ে খেলবেন অ্যাঞ্জেলিক কেরবারের বিপক্ষে।







