আন্তর্জাতিক

ইমরান খানকে মুক্তি দিয়ে রাজনৈতিক উত্তেজনা কমানোর পরামর্শ জাতিসংঘের

ইমরান খানকে মুক্তি দিয়ে রাজনৈতিক উত্তেজনা কমানোর পরামর্শ জাতিসংঘের

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থার অবনতির খবরে উদ্বেগ প্রকাশ করে তার অবিলম্বে মুক্তি ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক। একই সঙ্গে দেশটির সরকার ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক উত্তেজনা কমাতে আস্থা তৈরির পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

শুক্রবার (২০ নভেম্বর) সংবাদমাধ্যম রিপাবলিকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিএনএনের সাংবাদিক ক্রিস্টিয়ান আমানপোরকে দেওয়া সাক্ষাৎকারে ভলকার তুর্ক বলেন, ইমরান খানের মুক্তি ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করা প্রয়োজন। তাকে অবিলম্বে মুক্তি দেওয়া সরকার ও বিরোধী দলের মধ্যে আস্থা তৈরির একটি পদক্ষেপ হতে পারে।

এর আগে ইমরান খানের ছেলে কাসিম খান তার বাবার বন্দিত্বের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের নেতৃত্বাধীন সামরিক কর্তৃপক্ষের বিরুদ্ধে হত্যা, অপহরণ ও নির্যাতনের অভিযোগ তুলে বাবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কাসিম বলেন, তার বাবা পাকিস্তানের বৈধ ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা। তার কোনো ক্ষতি হওয়ার আগেই আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও ইমরান খানের বন্দিজীবন ও স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর থেকে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ পাননি। কেবল ২০২৬ সালের আগস্টে এক বোনের সঙ্গে দুবার সাক্ষাতের সুযোগ পেয়েছিলেন। ২০২৬ সালের মার্চ থেকে ছেলেদের সঙ্গে টেলিফোনে কথা বলার অনুমতিও পাননি তিনি।

সংস্থাটি সতর্ক করে বলেছে, ৭৪ বছর বয়সী ইমরানকে একাকী বন্দিত্বে রাখা এবং অন্যদের সঙ্গে যোগাযোগের সুযোগ সীমিত করায় তার শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে। তার গুরুতর রক্তচাপজনিত জটিলতার কথাও উল্লেখ করেছে অ্যামনেস্টি। সংস্থাটির অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তাকে বেসরকারি হাসপাতালে নেওয়া এবং স্বাধীন চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা করানোর সুযোগ দেওয়া হয়নি।

ইমরানের স্ত্রী বুশরা বিবির স্বাস্থ্য নিয়েও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি। তাদের দাবি, চোখের সমস্যায় ভুগছেন বুশরা, এতে তার দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি রয়েছে। তবে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে না তাকেও।

গত ১৬ নভেম্বর আদিয়ালা কারাগার থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের উদ্দেশে একটি জরুরি খোলা চিঠি লেখেন ইমরান খান। এতে দ্রুত চিকিৎসা এবং আদালতের আগের নির্দেশ কার্যকরের আবেদন জানান তিনি। নিজের শারীরিক অবস্থাকে সম্ভাব্য প্রাণঘাতী জরুরি পরিস্থিতি হিসেবে উল্লেখ করেন ইমরান। একই সঙ্গে তার স্ত্রী স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিতে রয়েছেন বলেও দাবি করেন।

চিঠিতে ইমরান অভিযোগ করেন, ২০২৫ সালের ২০ ডিসেম্বর তোশাখানা (বুলগারি) মামলার রায় ঘোষণার পর থেকে তাকে প্রতিদিন ২২ ঘণ্টা পর্যন্ত নির্জন কারাবাসে রাখা হচ্ছে। এ কারণে পরিবারের সঙ্গে সাক্ষাৎ, ছেলেদের সঙ্গে ফোনে কথা বলা, পড়ার উপকরণ এবং আইনজীবীর সঙ্গে যোগাযোগ থেকেও তিনি বিচ্ছিন্ন রয়েছেন।

বিষয়:আহ্বান জাতিসংঘ মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার তুর্ক পাকিস্তান সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মুক্তি সুচিকিৎসা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…