ক্রিকেট

শেষ ওভারের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া

শেষ ওভারের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া

পাচঁ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। শেষ ওভারে নাটকীয় জয় তুলে নেয় দলটি। জিততে শেষ ওভারে স্বাগতিকদের দরকার ছিল ১১ রান। স্যাম কারেন আসেন বোলিংয়ে। প্রথম বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে ছক্কা হাঁকান জ্যাক এডওয়ার্ডস। দ্বিতীয় বলে দুই রান নেন। তৃতীয় বলে ডট আদায় করে নেন কারেন। চতুর্থ বলে দুই রান বের করে অজিদের সমতায় পৌঁছান এডওয়ার্ডস। পঞ্চম বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মেরে জয় নিশ্চিত করেন। এই ম্যাচ জিতে সিরিজে ১-০তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

শনিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রলিয়া অধিনায়ক মিচেল মার্শ। আগে ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে সফরকারী ইংল্যান্ড। জবাবে নেমে ১ বল হাতে রেখে ৭ উইকেট হারিয়ে ১৯১ রান করে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

রান তাড়ায় নেমে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ককের (১) উইকেট হারায় অস্ট্রেলিয়া। শুরুর ধাক্কা কিছুটা সামাল দেন অধিনায়ক মিচেল মার্শ ও স্যাম হার্পার। দলীয় ৫৩ রানে ১৫ বলে ৩২ রান করে আউট হন হার্পার।

একপ্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন অধিনায়ক মার্শ। দলীয় ৯৫ রানে ৩৭ রান করে সাজঘরে ফেরেন। এরপর নিখিল চৌধুরীর ঝড়ো ইনিংসে জয়ের ভিত পায় অস্ট্রেলিয়া। ৩৮ বলে ৬৬ রান করেন, তার ইনিংসে ছিল ২ ছক্কা ও ৬ চারের মার। দলীয় ১৬৮ রানে নিখিল আউট হলে চাপে পড়ে অস্ট্রেলিয়া। শেষের দিকে জ্যাক এডওয়ার্ডসের ১১ বলে ২৫ রানের ক্যামিওতে ১ বল হাতে রেখে জয় তুরে নেয় অজিরা। এছাড়া ১৩ বলে ২২ রান করেন টিম ডেভিড।

ইংল্যান্ডের হয়ে ২ উইকেট নেন উইল জ্যাকস। ১টি করে উইকেট নেন আদিল রশিদ, স্যাম কারেন, লিয়াম ডাউসন, হেনরি ক্রোকম্বে ও জেমি ওভেরটন।

এর আগে ব্যাটে নেমে শুরুতেই ফিল সল্টের (০) উইকেট হারায় ইংল্যান্ড। তার কিছুক্ষণ পর ১০ রান করে সাজঘরে ফেরেন আরেক ওপেনার অ্যানিউরিন ডোনাল্ড। দলের হাল ধরেন অধিনায়ক হ্যারি ব্রুক ও টম ব্যান্টন। দুজন মিলে ৪১ বলে ৯৭ রানের জুটি গড়েন। দলীয় ১১০ রানে ব্রুক ২৮ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন। তার ইনিংসে ছিল ৬ ছক্কা ও ৪টি চারের মার।

দলীয় ১২৩ রানে টম ব্যান্টন ২২ বলে ৩৯ রান করে আউট হন। স্যাম কারেন (২১) ও জর্ডান কক্স করেন (২৭)। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে দলটি।

অস্ট্রোলিয়ার হয়ে ২টি করে উইকেট নেন নিখিল চৌধুরী ও জ্যাক এডওয়ার্ডস।  ১টি করে উইকেট নেন অ্যাডাম জাম্পা, বেন ডারউইশ, জোয়েল ডেভিস ও রিলি মেরেডিথ।

বিষয়:অস্ট্রোলিয়া ইংল্যান্ড টি-টুয়েন্টি সিরিজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…