জঙ্গলে নিখোঁজ মালিককে উদ্ধারে পথ দেখাল পোষা কুকুর

সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি জঙ্গলে নিখোঁজ ৬৯ বছর বয়সী এক ব্যক্তিকে উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তার পোষা কুকুর বেকি। বাসেট হাউন্ড জাতের কুকুরটি নিজেই একটি পাহাড়ি লজে গিয়ে পৌঁছায়। তাকে দেখে কর্মীরা বুঝতে পারেন, তার মালিক আবারও নিখোঁজ হয়েছেন। এরপর তাদের খবরেই শুরু হয় উদ্ধার অভিযান। শেষ পর্যন্ত জীবিত উদ্ধার করা হয় ওই ব্যক্তিকে।
মার্কিন সংবাদমাধ্যম পিপল জানিয়েছে, গত ১২ নভেম্বর রাত ৯টার দিকে নিউইয়র্কের লেক প্লাসিডের হোয়াইটফেস মাউন্টেন লজে পৌঁছায় বেকি। লজের কর্মীরা কুকুরটিকে আগে থেকেই চিনতেন। কারণ, এর মালিক এর আগেও নিখোঁজ হয়েছিলেন।
বেকিকে একা দেখে সন্দেহ হওয়ায় কর্মীরা নিউইয়র্ক অঙ্গরাজ্য পুলিশকে (এনওয়াইএসপি) খবর দেন। পরে পরিবেশ সংরক্ষণ বিভাগের (ডিইসি) বন বিভাগের রেঞ্জারদের সহায়তায় শুরু হয় তল্লাশি অভিযান।
অভিযানে বন বিভাগের ১৪ জন রেঞ্জার ও রাজ্য পুলিশের চার সদস্য অংশ নেন। নিখোঁজ ব্যক্তির সন্ধানে ড্রোন ও প্রশিক্ষিত ব্লাডহাউন্ড কুকুরও ব্যবহার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া রেঞ্জার চার্লি ফাউচ জানান, প্রথমে জঙ্গলের প্রবেশপথের কাছে ওই ব্যক্তির গাড়ি খুঁজে পায় পুলিশ। এরপর নদীর পাশের একটি পথ ধরে তল্লাশি শুরু হয়। ওই এলাকায় তখন তাপমাত্রা ছিল ২৫ থেকে ৩০ ডিগ্রি ফারেনহাইট।
১৩ নভেম্বর সকাল ১০টার দিকে এক শিকারি জঙ্গলের ভেতর থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ ও চিৎকার শুনতে পান। কাছাকাছি থাকা এক রেঞ্জার দ্রুত সেখানে পৌঁছে ওই ব্যক্তিকে খুঁজে পান।
উদ্ধারের সময় ওই ব্যক্তির পায়ে জুতা ও হাতে গ্লাভস ছিল না। তার হাত ও পায়ে তুষারদংশন বা ফ্রস্টবাইট দেখা দিলেও তিনি কথা বলতে ও নড়াচড়া করতে পারছিলেন।
পরে রেঞ্জাররা তাকে জঙ্গল থেকে বের করে আনেন। এরপর রাজ্য পুলিশের একজন পাইলট হেলিকপ্টারে করে তাকে হাসপাতালে নিয়ে যান।
উদ্ধার অভিযানে বেকির ভূমিকার প্রশংসা করেন রেঞ্জাররা। তাদের মতে, কুকুরটি লজে গিয়ে পৌঁছানোয় দ্রুত নিখোঁজ ব্যক্তির সন্ধানে অভিযান শুরু করা সম্ভব হয়েছিল। পুরো উদ্ধারকাজকে তারা একটি সফল দলগত প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন।






