সব ধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ আরাফাত সানি এবং তাসকিন আহমেদের সমর্থনে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। বীরোচিত সংবর্ধনায় বরণ করে নেওয়ার প্রস্তুতিও চলছে সর্বত্র। বিশেষ করে তাসকিনকে নিয়ে আইসিসি’র লুকোচুরিতে সোস্যাল মিডিয়া থেকে শুরু করে সবখানে চলছে সমালোচনা।
সাময়িক নিষিদ্ধ দু’ দু’ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছে ব্যাঙ্গালুরুতে থাকা ‘টিম টাইগার্সের’ সকল সদস্যসহ পুরো টিম ম্যানেজমেন্ট। ভেঙে না পড়ে সামনের সময়ে ভালোভাবে যেনো তারা ফিরে আসতে পারেন এ জন্য সাহস জুগিয়ে যাচ্ছেন সকলে।
টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম বলেছেন, সব ভুলে গিয়ে আমাদের এখন সামনে তাকাতে হবে। আমাদের বিশ্বাস তাসকিন ও সানি শিগগিরই পুনর্বাসন শেষ করে দলে ফিরে আসবেন। “বাংলাদেশ দল ও দেশবাসী সবাই তাদের সাথেই আছে,” বলে মন্তব্য করেছেন মুশফিক।
দলের সকলের মন খারাপ থাকলেও এভাবে তারা তাসকিন ও সানির জন্য সাহস হয়ে দাঁড়াচ্ছেন।
তাসকিন তার ফেসবুক পেজে সানিসহ একটি ছবি দিয়ে তিন শব্দে বলেছেন, কিছুই বলার নেই।
তবে, শুধু টিমমেট নন; পুরো বাংলাদেশকেই পাশে পাচ্ছেন তাসকিন ও সানি। তাদেরকে নিষিদ্ধ করার প্রতিবাদে কর্মসূচির ডাক দিয়েছে কিছু কিছু অনলাইন অ্যাকটিভিস্ট সংগঠন।
ব্যাঙ্গালুরুতে টিমের সঙ্গে থাকা আল আমিনের বোলিং অ্যাকশন নিয়েও এক সময় প্রশ্ন ওঠেছিলো। পরবর্তীতে পরীক্ষা উতরে ক্রিকেটে ফেরা আল আমিনের কথা মনে করিয়ে দু’জনেক সাহস যোগানোর চেষ্টা করছে সবাই।
ব্যাঙ্গালুরুতে ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, টিকিট সমস্যা মিটলে দ্রুতই দেশে ফিরে আসবেন তাসকিন ও সানি।






