সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাতটি প্রকল্প ফলক উম্মোচন করেছেন। বারিধারায় ভারতীয় হাইকমিশনে পৌঁছানোর পর মোদি একটি বকুলের চারা রোপণ করে হাইকমিশনের নতুন চ্যান্সারি কমপ্লেক্সও উদ্বোধন করেন।
ভারত সরকারের অর্থায়নে ওই প্রকল্পগুলো হলো: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউট, সংগীত বিভাগের রেকর্ডিং স্টুডিও, নৃত্য বিভাগ, ঢাকার অন্ধ শিক্ষার্থীদের পুনর্বাসন উন্নয়ন সংস্থা (বিইআরডিও), মিরপুরের পয়ঃপদ্ধতি প্রকল্প ও দূষিত জল বিশুদ্ধকরণ প্রকল্প, নড়াইলের সরকারি ভিক্টোরিয়া কলেজে ভারত বাংলাদেশ মৈত্রী গার্লস হোস্টেল ভবন, টাঙ্গাইলের কুমোদিনি হাসপাতাল ও কমপ্লেক্স।
ফলক উম্মোচনের সময় সেখানে উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ, ডেপুটি হাইকমিশনার সন্দ্বীপ চক্রবর্তী, বাংলাদেশে ভারতের সাবেক কাউন্সিলর (পলিটিক্যাল অ্যান্ড ইনফরমেশন) সুজিত ঘোষ প্রমুখ।
ফলক উন্মোচনের পর উপস্থিত সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ফটোসেশনে অংশ নেন ভারতীয় প্রধানমন্ত্রী। ফটোসেশন শেষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ব্যবহারের জন্য একটি অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন তিনি। এরপর তিনি হোটেল সোনারগাঁওয়ে ফিরে যান।
এর আগে সকালে তিনি ঢাকেশ্বরী মন্দির ও রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেছেন।







