আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুটি টেস্ট খেলতে বুধবার সকালে ঢাকায় পৌঁছেছে সাউথ আফ্রিকা। বিকেলে প্রথম ম্যাচের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মাটিতে টেস্ট খেলে অবসরের ইচ্ছা জানিয়ে রাখা সাকিব আল হাসানকে রেখেই স্কোয়াড দিয়েছে বিসিবি।
ভারত সফরে খালেদ আহমেদকে নিয়ে ১৬ সদস্যের দল ছিল। মিরপুর টেস্টে সেটি ১৫ সদস্যে নামিয়ে আনা হয়েছে। বাদ পড়েছেন পেসার খালেদ আহমেদ। অভিজ্ঞ তাসকিন আহমেদের সঙ্গে পেসার হিসেবে আছেন হাসান মাহমুদ ও নাহিদ রানা।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ২১ অক্টোবর থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্টটি।
দল ঘোষণার আগেরদিন প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করেছে বিসিবি। তার ১২ ঘণ্টার মধ্যে ঢাকায় এসে গেছেন বাংলাদেশ ক্রিকেট দলের নতুন হেড কোচ ক্যারিবিয়ান সাবেক ফিল সিমন্স। দুই ম্যাচের টেস্ট সিরিজটি হবে অভিজ্ঞ কোচের প্রথম অ্যাসাইনমেন্ট।
২০১৭ সালে হেড কোচের পদে সাক্ষাৎকার দিতে বিসিবিতে এসেছিলেন সিমন্স। এবার সরাসরি কোচ হয়ে বাংলাদেশে এলেন। আপাতত মাস পাঁচেকের দায়িত্বে তিনি। আসছে ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত থাকবেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৬ টেস্ট ও ১৪৩ ওয়ানডে খেলা সাবেক অলরাউন্ডার। ২০০২ সালে খেলা ছেড়ে দেয়ার পরপরই নাম লেখান কোচিংয়ে।
প্রথম টেস্টের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।







