দলে না থেকেও মিরপুর টেস্ট শুরুর আগে আলোচনায় সাকিব আল হাসান। সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরুর আগেরদিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ম্যাচ ছাপিয়ে সাকিব ইস্যুতেই বেশি প্রশ্নের উত্তর দিতে হয়েছে। কারণও অজানা নয়। বাংলাদেশের সেরা ক্রিকেটার তো বটেই, বিশ্বসেরাদেরই একজন সাকিব।
এমন একজনকে ছাড়া একাদশ সাজাতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে এবং সেটি স্বীকারও করছেন শান্ত। তবে যে কারণে তার দেশে আসা হয়নি, সে প্রসঙ্গ অনুমেয়ভাবেই এড়িয়ে গেছেন অধিনায়ক। ম্যাচে ফোকাস রাখতে আলোচনাটা আর বাড়াতে চাননি।
`সত্যি বলতে খুব কঠিন (সাকিবকে ছাড়া কম্বিনেশন)। যেটা আমাদের নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে খুব বেশি চিন্তা করাটা আমার কাছে মনে হয় সময় নষ্ট। যতটা সম্ভব খেলায় মনোযোগী হওয়া প্রয়োজন, কেননা খুব গুরুত্বপূর্ণ দুটি টেস্ট ম্যাচ আমাদের সামনে। আমার মনে হয় খেলোয়াড়রা খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছে।’
সাকিব চেয়েছিলেন মিরপুরে খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে। ভারত সফরের সময় ঘোষণা দিয়েছিলেন সেটির। সিরিজের প্রথম টেস্টের স্কোয়াডেও রেখেছিলেন নির্বাচকরা। নিরাপত্তার কারণে দেশেই আসা হয়নি সাকিবের। টেস্ট থেকে বিদায়ের আনুষ্ঠানিকতা বাকি থেকে গেল।
শান্ত বললেন, ‘এটা তো পরিকল্পনাতে ছিলই। আমার মনে হয় বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন, শুধু বাংলাদেশের সেরা খেলোয়াড় নন। দুর্ভাগ্য, যে কারণে হয়নি (বিদায়মঞ্চ)। বিশ্বাস করি এবং দলের প্রত্যেকেই মনে করে এটা পেন্ডিং (মাঠ থেকে বিদায়) থেকে গেল।’
আরেক প্রশ্নের উত্তরে শান্ত বলেছেন, ‘সাকিব ভাইকে ছাড়া এখনই আমাদের কম্বিনেশন গড়তে সমস্যা হচ্ছে। কারণ সে দুইটা দিক সামলায়। এখন যে সাতে ব্যাট করবে তার উপর অনেক দায়িত্ব থাকবে। আমার মনে হয় মিরাজ খুব ভালো করছে, ব্যাটে-বলে। এ জায়গাটা সে পূরণ করতে পারে।’








