সাইবার হামলার শিকার ব্রিটিশ পার্লামেন্ট

সাইবার আক্রমণের শিকার হয়েছে ব্রিটিশ পার্লামেন্ট। দেশটির পার্লামেন্টের ইমেইল সিস্টেমকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। শত শত এমপি, ব্রিটিশ সংসদের উচ্চকক্ষ লর্ড সভার সদস্য, সহযোগী এবং স্টাফদের ইমেইল অ্যাকাউন্টে প্রবেশের প্রচেষ্টা চালানো হয়।
এই সাইবার হামলার প্রেক্ষিতে নিরাপত্তা নিশ্চিত করতে ব্রিটিশ পার্লামেন্ট ভবন ওয়েস্টমিনিস্টার প্যালেসের নেটওয়ার্ক সকলের প্রবেশের ক্ষেত্রে বন্ধ করে দেওয়া হয়েছে।
পার্লামেন্টের একজন মুখপাত্র দ্য ইন্ডেপেন্ডেন্টকে জানান, হাউজ অব পার্লামেন্টের পার্লামেন্টারি ইউজার অ্যাকাউন্টে অননুমোদিতভাবে প্রবেশের চেষ্টা দেখতে পেয়েছে তারা।
এই ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি। এছাড়াও কম্পিউটার নেটওয়ার্ক আরও নিরাপদ করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান।
স্থানীয় সময় শুক্রবার রাতে এই সাইবার হামলা হয় এবং সকাল থেকেই তাদের ইমেইল অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছিলেন না বলে জানান এমপিরা।






