বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত বিড়াল মিলি?

সাধারণত একটি বিড়ালের গড় আয়ু ১২ থেকে ১৮ বছর। তবে যুক্তরাজ্যের স্টকপোর্টের বিড়াল মিলি যেন বয়সের সেই হিসাবকেই হার মানিয়েছে। মালিকের দাবি, ১৯৯৫ সালে জন্ম নেওয়া বিড়ালটির বর্তমান বয়স ৩১ বছর! মানুষের বয়সের হিসাবে যা প্রায় ১৪৬ বছরের সমান।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বাক্সটন অ্যাডভার্টাইজার এর প্রতিবেদন অনুযায়ী, মিলির মালিক লেসলি গ্রিনহাফ মনে করেন, তার পোষা বিড়ালটি বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত বিড়াল হতে পারে। লেসলির প্রয়াত স্ত্রী পলা ১৯৯৫ সালে মাত্র তিন মাস বয়সে মিলিকে বাড়িতে নিয়ে এসেছিলেন।
মিলির দীর্ঘায়ুর রহস্য হিসেবে লেসলি উল্লেখ করেছেন বিশেষ যত্ন, ভালোবাসা এবং গত ১০ বছর ধরে বক্সটনের প্রাকৃতিক খনিজ পানি পান করার অভ্যাসকে। খাবারের তালিকায় রয়েছে মুরগির মাংস, মাছ, চিংড়ি ও বিড়ালের খাবার। তবে খনিজ পানিই তার দীর্ঘায়ুর কারণ, এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।
মিলিই কি বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত বিড়াল?
মিলির বয়স ৩১ বছর হলেও এই স্বীকৃতি নিয়ে রয়েছে আরেক দাবিদার ফ্লসি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ও প্রাণীকল্যাণ সংস্থা ক্যাটস প্রোটেকশন ২০২২ সালে ফ্লসিকে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত বিড়াল হিসেবে স্বীকৃতি দেয়। ১৯৯৫ সালের ডিসেম্বরে জন্ম নেওয়া ফ্লসি ২০২৫ সালের ডিসেম্বরে ৩০ বছরে পা রাখে। ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রতিবেদনেও তাকে এই স্বীকৃতির অধিকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, ইতিহাসের সবচেয়ে দীর্ঘজীবী বিড়ালের রেকর্ড এখনো যুক্তরাষ্ট্রের ক্রিম পাফের দখলে। ১৯৬৭ সালের ৩ আগস্ট জন্ম নেওয়া বিড়ালটি ২০০৫ সালের ৬ আগস্ট মারা যায়। তার বয়স হয়েছিল ৩৮ বছর ৩ দিন।
রেকর্ডের অপেক্ষায় মিলি
মিলির মালিক লেসলির স্বপ্ন, একদিন তার পোষা বিড়ালটি গিনেস বিশ্ব রেকর্ডসে জায়গা করে নেবে। তবে মিলির জন্মের সুনির্দিষ্ট বয়স প্রমাণ করার মতো পর্যাপ্ত নথি না থাকায় তার ৩১ বছর বয়সের দাবি এখনো আনুষ্ঠানিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।
৩১ বছরের মিলি তাই একদিকে দীর্ঘায়ুর বিস্ময়, অন্যদিকে মানুষের সঙ্গে পোষা প্রাণীর গভীর ভালোবাসার এক অনন্য উদাহরণ।
তথ্যসূত্র: বাক্সটন অ্যাডভার্টাইজার, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এবং ক্যাটস প্রোটেকশনের প্রকাশিত প্রতিবেদন।





