স্বাস্থ্য

স্তন ক্যানসার শনাক্তে নতুন আশা এআই, ৭ লাখ নারীকে নিয়ে গবেষণা

স্তন ক্যানসার শনাক্তে নতুন আশা এআই, ৭ লাখ নারীকে নিয়ে গবেষণা

ছবি: সংগৃহীত

স্তন ক্যানসার দ্রুত শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কতটা কার্যকর, তা যাচাইয়ে বিশ্বের বৃহত্তম পরীক্ষামূলক গবেষণা শুরু করেছে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগ (এনএইচএস)। প্রায় ৭ লাখ নারীকে এ গবেষণায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হবে।

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

‘এডিথ ট্রায়াল’ নামের এ গবেষণায় স্তনের এক্স-রে বা ম্যামোগ্রাম বিশ্লেষণে এআই প্রযুক্তি ব্যবহার করা হবে। এর মাধ্যমে প্রাথমিক পর্যায়ে ক্যানসার শনাক্তের হার বাড়ানো এবং চিকিৎসাকর্মীদের কাজের চাপ কমানো সম্ভব কি না, তা যাচাই করবেন গবেষকেরা। পাশাপাশি অপ্রয়োজনীয়ভাবে ক্যানসার শনাক্ত বা রোগীদের অতিরিক্ত পরীক্ষার জন্য ডেকে পাঠানোর ঝুঁকিও মূল্যায়ন করা হবে।

গবেষণাটি ইতিমধ্যে কেমব্রিজ ইউনিভার্সিটি হসপিটালসে শুরু হয়েছে। পর্যায়ক্রমে যুক্তরাজ্যের ৩০টি প্রতিষ্ঠানে এটি পরিচালিত হবে।

যুক্তরাজ্যে ৫০ থেকে ৭১ বছর বয়সী নারীদের প্রতি তিন বছর পরপর স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের জন্য আমন্ত্রণ জানানো হয়। প্রতিবছর দুই মিলিয়নের বেশি নারী এ পরীক্ষায় অংশ নেন। বর্তমানে প্রতিটি ম্যামোগ্রাম দুজন বিশেষজ্ঞ চিকিৎসক পরীক্ষা করেন। নতুন গবেষণায় তাদের একজনের পরিবর্তে এআই প্রযুক্তি ব্যবহার করা হবে।

এর আগে ছোট পরিসরের কয়েকটি গবেষণায় স্তন ক্যানসার শনাক্তে এআইয়ের ইতিবাচক ফল পাওয়া গেছে। তবে নতুন গবেষণার মাধ্যমে প্রযুক্তিটির কার্যকারিতার পাশাপাশি অতিরিক্ত রোগ নির্ণয় ও অপ্রয়োজনীয় পরীক্ষার ঝুঁকিও যাচাই করতে চান বিজ্ঞানীরা।

ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের অধ্যাপক এবং গবেষণার অন্যতম প্রধান গবেষক সিয়ান টেইলর-ফিলিপস বলেন, এআই প্রযুক্তি ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্তে সহায়তা করতে পারে। তবে এমন রোগ নির্ণয় এড়াতে হবে, যা কখনোই উপসর্গ তৈরি করত না বা রোগীর ক্ষতির কারণ হতো না।

যুক্তরাজ্যে নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় স্তন ক্যানসার। দেশটিতে প্রতিবছর প্রায় ৫৯ হাজার নারী এ রোগে আক্রান্ত হন। এর প্রায় এক-তৃতীয়াংশ নিয়মিত ম্যামোগ্রাম পরীক্ষার মাধ্যমে শনাক্ত হয়। সাধারণত প্রাথমিক পর্যায়ে রোগ ধরা পড়ায় এসব ক্ষেত্রে চিকিৎসাও তুলনামূলক সহজ হয়।

গবেষকদের হিসাবে, দেশটির স্তন ক্যানসার স্ক্রিনিং কর্মসূচির কারণে প্রতিবছর প্রায় ১ হাজার ৩০০ নারীর মৃত্যু প্রতিরোধ করা সম্ভব হচ্ছে।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি বিভাগের অধ্যাপক ও গবেষণার অন্যতম প্রধান গবেষক ফিওনা গিলবার্ট বলেন, প্রতিবছর লাখ লাখ নারীর ম্যামোগ্রাম করা হলেও এক শতাংশেরও কমের শরীরে ক্যানসার শনাক্ত হয়। এআই প্রযুক্তি এসব ছবি দ্রুত ও কার্যকরভাবে বিশ্লেষণ করতে পারলে ক্যানসার আক্রান্ত রোগীদের সেবায় বিশেষজ্ঞ চিকিৎসকেরা বেশি সময় দিতে পারবেন।

তিনি আরও বলেন, যুক্তরাজ্যে রেডিওলজি বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট রয়েছে। অন্যদিকে প্রতিবছর ইমেজিং পরীক্ষার সংখ্যা ৮ শতাংশ হারে বাড়ছে।

স্ক্রিনিংয়ে প্রাণ বেঁচেছে

কেমব্রিজশায়ারের ৭০ বছর বয়সী শার্লি এসেক্স এক বছর আগে নিয়মিত স্ক্রিনিংয়ের মাধ্যমে প্রাথমিক পর্যায়ের স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি জানতে পারেন। পরে অস্ত্রোপচার ও রেডিওথেরাপি নিতে হলেও তার কেমোথেরাপির প্রয়োজন হয়নি।

শার্লি বলেন, ম্যামোগ্রাম পরীক্ষাই তার জীবন বাঁচিয়েছে। শরীরে কোনো উপসর্গ না থাকায় ক্যানসার শনাক্ত হওয়ার খবর শুনে তিনি বিস্মিত হয়েছিলেন।

প্রাথমিক পর্যায়ে ক্যানসার শনাক্ত হওয়ায় নিজেকে সৌভাগ্যবান মনে করেন তিনি। সেটি ছিল তার শেষ নিয়মিত ম্যামোগ্রাম পরীক্ষা। সেদিন পরীক্ষায় অংশ না নিলে ক্যানসার আরও ছড়িয়ে পড়তে পারত বলে মনে করেন শার্লি।

যেভাবে পরিচালিত হবে গবেষণা

নিয়মিত স্ক্রিনিংয়ের আমন্ত্রণপত্র পাওয়ার সময় নারীদের এ গবেষণা সম্পর্কে জানানো হবে। তবে এতে অংশ নেওয়া বাধ্যতামূলক নয়। গবেষণার কারণে স্ক্রিনিংয়ের সময়সূচি বা পরীক্ষার পদ্ধতিতেও কোনো পরিবর্তন আনা হবে না।

গবেষণায় পরীক্ষা করা হবে, ম্যামোগ্রাম বিশ্লেষণে দুজন বিশেষজ্ঞ চিকিৎসকের একজনের পরিবর্তে এআই ব্যবহার করা যায় কি না। এ জন্য মেশিন লার্নিং সফটওয়্যারকে অতীতের লাখ লাখ ম্যামোগ্রাম বিশ্লেষণের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। এতে স্তনের টিস্যুতে এমন সূক্ষ্ম পরিবর্তন শনাক্ত করা সম্ভব হতে পারে, যা মানুষের চোখে সহজে ধরা পড়ে না।

গবেষণার এক অংশে বিশেষজ্ঞদের কাছে পাঠানোর আগে এআই সফটওয়্যার ছবিগুলো বিশ্লেষণ করবে। অন্য অংশে বিশেষজ্ঞদের পর্যালোচনার পর এআই ছবিগুলো পরীক্ষা করবে।

১ কোটি ১০ লাখ পাউন্ড ব্যয়ে পরিচালিত এ গবেষণায় অর্থায়ন করছে যুক্তরাজ্যের ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার রিসার্চ (এনআইএইচআর)। ওয়ারউইক বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ও কেমব্রিজ ইউনিভার্সিটি হসপিটালস এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্ট যৌথভাবে গবেষণাটি পরিচালনা করছে। এতে যুক্ত রয়েছে এনএইচএস ইংল্যান্ডও।

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ইয়েভেট কুপার বলেন, চিকিৎসাসেবার উন্নয়নে এআইয়ের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তবে প্রযুক্তিটির কার্যকর ও নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের গবেষণা প্রয়োজন।

এনএইচএস ইংল্যান্ডের ক্যানসারবিষয়ক জাতীয় ক্লিনিক্যাল পরিচালক অধ্যাপক পিটার জনসন বলেন, স্তন ক্যানসার স্ক্রিনিং জীবন বাঁচায়। গবেষণায় আমন্ত্রণ পাওয়া প্রত্যেক নারীকে এতে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

তার মতে, প্রতিটি স্ক্যান বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা করা হবে। গবেষণায় এআইয়ের কার্যকারিতা প্রমাণিত হলে নারীরা আরও দ্রুত রোগ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসা পাবেন।

গবেষণায় চারটি এআই প্রযুক্তি প্রতিষ্ঠান যুক্ত রয়েছে। প্রায় তিন বছর ধরে এ গবেষণা চলবে।

বিষয়:কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্তরাজ্য স্তন ক্যানসার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…