সহযোগিতার ক্ষেত্র আরও জোরদার করবে ঢাকা ও রোম

বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ইতালির পররাষ্ট্র মন্ত্রী সহযোগিতার বিষয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
নিজেদের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও জোরদার করতে সম্মত হয়েছে ঢাকা ও রোম।
বুধবার রোমে ইটালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে এ ঐক্যমত হয়েছে।
ইটালি রোহিঙ্গাদের সহায়তায় বর্তমান সহযোগিতার অতিরিক্ত আরো ১০ লাখ ইউরো দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
ইটালির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন পালাজ্জো চিগিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইটালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকটি হয়েছে। প্রায় এক ঘন্টার বৈঠকে দু’দেশের বর্তমান আর্থ-সামাজিক অবস্থান নিয়ে দুই প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।
বৈঠক শেষে প্রেসব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, দুই দেশের প্রধানমন্ত্রীর আলোচনা ফলপ্রসূ হয়েছে এবং এর মধ্য দিয়ে ঢাকার সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হলো। রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনাকালে জিউসেপ কোঁতে ১১ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘সুপার হিউম্যান’ উল্লেখ করে তার প্রশংসা করেন।
ইটালির প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের জন্য সহায়তার ১০ লাখ ইউরো ইউএনএইচসিআর এর মাধ্যমে দেয়ার প্রতিশ্রুতি দেন। শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক বিচার আদালতের নির্দেশনা মেনে চলতে মিয়ানমারকে বাধ্য করতে ইটালিসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
ইটালিকে বাংলাদেশের মহান বন্ধু হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন; স্বাধীনতার পর যে কয়েকটি ইউরোপীয় দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় তার মধ্যে ইটালি অন্যতম।
তার এ সফরের পর দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।






