বাংলাদেশ

‘সশস্ত্রবাহিনীর সুনাম যেন প্রশ্নবিদ্ধ না হয়’

‘সশস্ত্রবাহিনীর সুনাম যেন প্রশ্নবিদ্ধ না হয়’

কোনোভাবেই যেন সশস্ত্রবাহিনীর সুনাম প্রশ্নবিদ্ধ না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে সশস্ত্র বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডিএসসিএসসি কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি বলেছেন, শান্তিরক্ষায় নিয়োজিতদের অনাকাঙ্ক্ষিত আচরণ ও কাজ বরদাশত করা হবে না।

এ বছর ডিএসসিএসসি কোর্সের মাধ্যমে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্য ছাড়াও ভারত, যুক্তরাষ্ট্র, চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ প্রায় ২৩ দেশের ২৬৮ জন প্রশিক্ষণার্থী স্টাফ কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছেন। গ্রাজুয়েশন সার্টিফিকেট তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তাদের অর্জিত জ্ঞান আগামী দিনে দেশের কল্যাণে কাজে লাগাতে বলেন।

তিনি বলেন, এই প্রশিক্ষণে অর্জিত জ্ঞান আরো দায়িত্বশীল করে তুলবে আপনাদের।  যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের সবসময় প্রস্তুত থাকতে হবে। সবসময় আত্নবিশ্বাস নিয়ে নিজের কাজ সম্পন্ন করতে হবে। ভবিষ্যতে উচ্চপদে নেতৃত্ব দিতে নিজেদের তৈরি করতে হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য যেকোনো ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকতে হবে।

বর্তমানে ১৬টি মিশনের মধ্যে ১১টিতে বাংলাদেশের প্রায় ৮ হাজার ৫শ একজন শান্তিরক্ষী কাজ করছেন। বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বজুড়েই প্রশংসিত। সেই সুনাম যেনো কোনোভাবেই ক্ষুন্ন না হয় সেদিকে দৃষ্টি দিতে বলেছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেছেন, বাংলাদেশ যে সমস্ত দেশে শান্তিরক্ষার কাজ করেছে। প্রতিটি দেশই শান্তিরক্ষীদের ভূয়সী প্রশংসা করেছে। সেজন্য আমি সত্যিই আমাদের সশস্ত্রবাহিনীকে নিয়ে গর্ব অনুভব করি। আজ যে সম্মান অর্জিত হয়েছে তার পেছনে আপনাদের ভূমিকা রয়েছে। তবে শান্তিরক্ষায় নিয়োজিতদের কোনোধরনের অনাকাঙ্ক্ষিত আচরণ ও কাজ বরদাশত করবো না। আমরা চাই দেশের সম্মান যেন সবসময় অক্ষুন্ন থাকে। যে যেখানে কর্মরত থাকবেন সেখানে নিজের দেশ ও জাতির সম্মান বজায় রেখে কর্মরত থাকবেন। আমি চাই না, আমাদের সশস্ত্র বাহিনীর সুনাম কোনোমতেই প্রশ্নবিদ্ধ হোক।

সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের বিস্তারিত তুলে ধরে সুখি সমৃদ্ধ সোনার বাংলা গড়তে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বিষয়:শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…